কলম্বো, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের গ্র"প- এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান এস পি থামিলসিলভান শুক্রবার শ্রীলঙ্কার বিমান বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন।
এলটিটিই'র ওয়েবসাইটে জানানো হয়, "আমরা দুঃখের সঙ্গে 'তামিল ইলম' এর জনগণকে জানাচ্ছি আমাদের রাজনৈতিক শাখার প্রধান ব্রিগেডিয়ার এস পি থামিলসিলভান আজ সকাল ৬টায় শ্রীলঙ্কার বিমান বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন।"
বাভন নামে থামিলসিলভানের এক সহকারী রয়টার্সকে টেলিফোনে তার নেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
২০০৬ এর অক্টোবরে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় থামিলসিলভান বিদ্রোহীদের পক্ষে মূল সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি তামিল বিদ্রোহীদের অন্যতম মূখপাত্র হিসেবে পরিচিত ছিলেন।
থামিলসিলভানের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় শান্তি পরিষদের সংগঠক জেন পেরেরা বলেন, "এ মৃত্যুতে শান্তি প্রক্রিয়ায় অনেক বড় ক্ষতি হলো। অদূর ভবিষ্যতে শান্তি স্থাপনের বিষয়টি অনেকখানি পিছিয়ে গেলো।"
এর ফলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শ্রীলঙ্কায় বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি স্থাপনে শান্তি পরিষদ উদ্যোক্তার ভূমিকা পালন করছে।
গত বছরের শুরু থেকে বিভিন্ন হামলায় শ্রীলঙ্কায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। ১৯৮৩ সালে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭০ হাজার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৬১২ ঘ.
bdnews24