লন্ডন, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিচারকরা আশঙ্কা করছেন, প্রিন্সেস ডায়ানা নিহত হওয়ার ঘটনা তদন্তে গঠিত জুরি বোর্ডের সামনে পাপারাজ্জিরা সাক্ষ্য নাও দিতে পারেন। ফলে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ নাও পাওয়া যেতে পারে। গত সপ্তাহে প্রত্যক্ষ্যদর্শীরা আদালতকে জানিয়েছিলেন, পাপারাজ্জিরাই ডায়ানার গাড়ি প্যারিসের ওই টানেলে নিয়ে যেতে প্রলুব্ধ করেন।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের আলমা টানেলে দুর্ঘটনায় ডায়ানা, তার প্রেমিক দোদি আল ফায়েদ ও তাদের গাড়িচালক নিহত হন। প্যারিসের বিলাসবহুল রিজ হোটেল থেকে বেরিয়ে পাপারাজ্জিদের তাড়া খেয়ে দ্রুত গাড়ি চালানোর সময় ওই দুর্ঘটনা ঘটে।
বিচারকরা মনে করছেন, ওই ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাপারাজ্জিদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু তাদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা খুবই কম।
বিচারক স্কট বেকার আশাবাদী ছিলেন, পাপারাজ্জিরা সাক্ষ্য দেবেন। কিন্তু বুধবার তিনি বলেন, "কারো সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এখন প্রায় ১০০ ভাগই নেই।"
ওই ঘটনায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের ওয়েব সাইটে এর আগে কয়েকজন পাপারাজ্জির তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ আইন অনুযায়ী দেশের বাইরের কেউ সাক্ষ্য দিতে না চাইলে আদালত তাকে বাধ্য করতে পারে না।
জুরিবোর্ডকে গত বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর পাপারাজ্জিরা 'তিনি (ডায়ানা) বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন বলে চিৎকার করতে থাকেন।
প্রত্যক্ষদর্শী জ্যাকুইস মরেল ওই দিন আদালতকে বলেন, "ডায়ানার কিছু এক্সক্লুসিভ ছবি তোলার জন্য পাপারাজ্জিরা ষড়যন্ত্র করেন। এজন্য তারা ডায়ানার গাড়ি প্যারিসের ওই টানেলের মধ্যে নিয়ে আটকে ফেলতে চেয়েছিলেন।" প্যারিস থেকে ভিডিও যোগাযোগের মাধ্যমে তিনি লন্ডনের জুরিদের একথা বলেন।
ডায়ানা নিহত হওয়ার পর ব্রিটিশ ও ফরাসি তদন্ত কর্মকর্তারা জানান, পাপারাজ্জিদের তাড়া খেয়ে দ্রুত গাড়ি চালাতে যেয়েই ওই দুর্ঘটনা ঘটে।
কিন্তু দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ অভিযোগ করেছেন, রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের নির্দেশেই ব্রিটিশ গোয়েন্দারা ডায়ানা ও দোদিকে পরিকল্পিতভাবে হত্যা করে।
তিনি দাবি করেন, মৃত্যুর আগে ডায়ানা অন্তঃসত্ত্বা ছিলেন। এটা গোপন করার জন্যই তাদের হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১১৩০ ঘ.
bdnews24