মস্কো, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে সামরিক অভিযান থেকে বিরত থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিনের এক মুখপাত্র একথা জানান।
ক্রেমলিনের উপ-মুখপাত্র ডিমিট্রি পেশকভ সাংবাদিকদের বলেন, "আমরা তুরস্কের সমস্যা বুঝতে পারছি। তারপরও তাদের উচিৎ উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের ব্যাপারে ধৈর্যের পরিচয় দেয়া।"
তিনি আরও বলেন, "সন্ত্রাসীদের ব্যপারে তুরস্কের উদ্বেগের বিষয়টি আমরা জানি।"
পেশকভ বলেন, "বিদ্রোহিদের ব্যপারে ব্যবস্থা নেওয়ার অধিকার তুরস্কের আছে। কিন্তু এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, এই অঞ্চলের একটি রাষ্ট্র হিসেবে তুরস্ককে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এমন কোনো কাজ তাদের করা উচিৎ হবে না যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।"
তিনি আরও বলেন, "আমরা আশা করছি তুরস্ক ঝুকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকবে।'
উত্তর ইরাকে আশ্রয় নেওয়া কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অভিযানের হুমকি দিয়ে আসছে তুরস্ক। এ ব্যাপারে তাদের পার্লামেন্টও সরকারকে অনুমতি দিয়ে রেখেছে।
তবে তুরস্কের ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ওই অভিযান থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ ঘ.
bdnews24