আরগান্দাব, আফগানিস্তান, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কান্দাহার প্রদেশের আরগান্দাব জেলার চারপাশে অভিযান চালিয়ে আফগান ও ন্যাটো বাহিনী প্রায় ৫০ জন তালেবান জঙ্গিকে হত্যা করেছে এবং ওই এলাকায় আটকা পড়েছে প্রায় ২০০ জঙ্গি। বুধবার কান্দাহরের প্রাদেশিক পুলিশ প্রধান একথা জানিয়েছেন।
দুই সপ্তা আগে মোল্লা নাকিব নামের সরকারপন্থী এক আদিবাসী নেতার মৃত্যুর পর কান্দাহারের ১২ কিলোমিটার দূরবর্তী এ জেলার প্রতিরক্ষা ব্যবস্থা দূর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে গত সপ্তায় সেখানে প্রবেশ করে তালেবান জঙ্গিরা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পুনরায় এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে এ সপ্তায় আফগান এবং ন্যাটোর নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসট্যান্ট ফোর্স' (ইসাফ) সেনারা আরগান্দাবের চারপাশে অভিযান শুরু করেছে।
কান্দাহার পুলিশ প্রধান সাঈদ আগা সাকিব জানিয়েছেন, আরগান্দাবের চারপাশের সংঘর্ষে সোম ও মঙ্গলবার পর্যন্ত প্রায় ৫০ জন তালেবান জঙ্গি নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তবে এলাকাটিতে এখনও ২০০-২৫০ জন তালেবান জঙ্গি রয়ে গেছে।
রয়টার্সকে তিনি বলেন, "অবশিষ্ট তালেবান জঙ্গিদের ঘিরে রাখা হয়েছে এবং তাদের পালাবার কোনো সুযোগ নেই।"
তিনি বলেন, সংঘর্ষে তিন আফগান পুলিশ এবং এক আফগান সেনাও নিহত হয়েছে।
এদিকে, তালেবান মুখপাত্র কারি মোহাম্মাদ ইউসুফ জানিয়েছেন, তালেবান যোদ্ধারা আরগান্দাবের সাতটি চেকপয়েন্ট দখলে নিয়েছে এবং সংঘর্ষে বিপুল সংখ্যক আফগান ও বিদেশি সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫৪ ঘ.
bdnews24