২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে মধ্যপ্রাচ্যে জোরাল ভূমিকা রাখার আহ্বান জর্ডানের বাদশাহর

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মঙ্গলবার বলেছেন, চীনের ক্রমবর্ধমান প্রভাব দেশটিকে মধ্যপ্রাচ্যে একটি জোরালো কূটনৈতিক ভূমিকায় নিয়ে আসবে। একইসঙ্গে বাদশাহ আবদুল্লাহ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 08:01 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বেইজিং, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মঙ্গলবার বলেছেন, চীনের ক্রমবর্ধমান প্রভাব দেশটিকে মধ্যপ্রাচ্যে একটি জোরালো কূটনৈতিক ভূমিকায় নিয়ে আসবে। একইসঙ্গে বাদশাহ আবদুল্লাহ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্যোগে অনুষ্ঠেয় এক শান্তি সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তারা। ওই সম্মেলনের সফলতার বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতার পাশাপাশি বাদশাহ আবদুল্লাহও গুরুত্বারোপ করে আসছেন। চীন ও জর্ডানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে বেইজিং সফর করছেন বাদশাহ আবদুল্লাহ। মঙ্গলবার পেকিং ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, চীনের অবস্থান এবং বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সম্পর্ক শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। আবদুল্লাহ বলেন, "একটি বিশ্ব শক্তি এবং এশিয়ার সম্মানিত ও বিশ্বস্ত প্রতিবেশী উভয় হিসাবেই চীন এই শান্তি প্রক্রিয়াকে সমর্থনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি বলেন, "আমি মনে করি জাতিসংঘের (নিরাপত্তা পরিষদ) একজন স্থায়ী সদস্য হওয়ায় এবং আমাদের অঞ্চলের সব দেশের সঙ্গে ভাল সম্পর্ক থাকায় আগামীতে চীনের ভূমিকা আরও বাড়বে।" বাদশাহ আবদুল্লাহ এমন সময়ে চীনের প্রতি এ আহ্বান জানালেন যখন মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে চীন সতর্কতা উচ্চারণ করেছে এবং অঞ্চলটিতে বেইজিংয়ের ভূমিকা জোরালো হতে শুরু করেছে। মঙ্গলবার চীনের উর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে বাদশাহ আবদুল্লাহর। একইদিন বেইজিং সফরে রয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবরোধ আরোপের বিষয় নিয়ে আলাপ-আলোচনার জন্য লিভনি বেইজিংয়ে এ সফর করছেন। প্রসঙ্গত, চীন যে অশোধিত তেল আমদানি করে থাকে তার প্রায় অর্ধেক আসে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এছাড়া, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সূত্রে জানা গেছে, ২০১৫ সাল নাগাদ চীন তাদের অশোধিত তেলের ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৪ ঘ.