লন্ডন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি বাদশা আবদুল্লাহ সোমবার বলেছেন, লন্ডনে ২০০৫ সালের আত্মঘাতী বোমা হামলার আগে সৌদি আরব ব্রিটেনকে যে তথ্য দিয়েছিল সে অনুসারে কাজ করতে তারা ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, ওই তথ্য অনুযায়ী কাজ করলে লন্ডনে বোমা হামলা প্রতিহত করা সম্ভব হত। তবে ওই হামলার আগে লন্ডন কোনো সতর্কতা পায়নি বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা।
ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে বিবিসি'র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি বাদশা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ গ্রহণের ব্যর্থতার জন্যও লন্ডনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আল কায়েদা এখনও বড় ধরনের হুমকি।
দোভাষীর মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে সৌদি বাদশা বলেন, "ব্রিটেনে সন্ত্রাসী হামলার আগে গ্রেট ব্রিটেনের কাছে আমরা তথ্য সরবরাহ করি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। তা করলে হয়তো ওই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত।"
উল্লেখ্য, ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের ট্রান্সপোর্ট সিস্টেমে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় ৫২ জনের প্রাণহানি হয়েছিল।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের ডাউনিং স্ট্রিট কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ওই হামলার আগে কোনো সতর্কতা তারা পায়নি।
তিনি বলেন, "আমরা সে সময়ে এটা পরিষ্কার করেছিলাম যে, কোনো সূত্র থেকেই সুনির্দিষ্ট কোনো সতর্কতা পাওয়া যায়নি। সৌদিদের সঙ্গে আমাদের রয়েছে ঘনিষ্ঠ গোয়েন্দা যোগাযোগ। সন্ত্রাস-বিরোধী কর্মকাণ্ডেও আমাদের মধ্যে খুব ভাল সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। আমরা শুধু এই পয়েন্ট-এ ভিন্নমত ব্যক্ত করছি।"
সোমবার রাতে রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পৌঁছানোর কথা সৌদি বাদশার। কিন্তু তার এ সফরের প্রতিবাদ জানিয়েছেন বেশ কিছু ব্রিটিশ সমালোচক। তাদের অভিযোগ, সৌদি আরবের মানবাধিকার রেকর্ড নিয়ে। এছাড়া, এ সপ্তার শেষ দিকে লন্ডনে সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে বাদশা আবদুল্লাহ বলেন, তিনি মনে করেন, ব্রিটেনসহ অধিকাংশ দেশই সন্ত্রাসবাদকে গুরুত্বের সঙ্গে আমলে নেয়নি।
তিনি বলেন, কঠোর প্রচেষ্টার মাধমে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে ২০ থেকে ৩০ বছর সময় লেগে যেতে পারে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "আর তাই ব্রিটেনসহ বিশ্বের সকল দেশকে আমি আহ্বান জানাচ্ছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আমলে নিতে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০২ ঘ.
bdnews24