২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে ফার্স্ট লেডি ফার্নান্দেজ জয়ী

আর্জেন্টিনায় রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ফার্স্ট লেডি ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কার্শনার বিজয়ী হয়েছেন। এর মাধমে আর্জেন্টিার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হতে চলেছেন মোহনীয় রূপের অধিকারী ফার্নান্দেজ। ৫৪ বছর বয়সী আইনজীবী ও মধ্য-বামপন্থি সিনেটর ফার্নান্দেজ আগামী ডিসেম্বর মাসে তার স্বামী ও প্রেসিডেন্ট নেসতর কার্শনারের কাছ থেকে আর্জেন্টিনার আগামী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 07:20 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বুয়েন্স আয়ার্স, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আর্জেন্টিনায় রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ফার্স্ট লেডি ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কার্শনার বিজয়ী হয়েছেন। এর মাধমে আর্জেন্টিার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হতে চলেছেন মোহনীয় রূপের অধিকারী ফার্নান্দেজ। ৫৪ বছর বয়সী আইনজীবী ও মধ্য-বামপন্থি সিনেটর ফার্নান্দেজ আগামী ডিসেম্বর মাসে তার স্বামী ও প্রেসিডেন্ট নেসতর কার্শনারের কাছ থেকে আর্জেন্টিনার আগামী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক দম্পতির মধ্যে ক্ষমতা হস্তান্তরের এমন ঘটনা বিশ্বে বিরল। ল্যাটিন আমেরিকার 'হিলারি ক্লিনটন' নামে অভিহিত ফার্নান্দেজের এ বিজয়ে তার স্বামী প্রেসিডেন্ট নেসতর কার্শনারের জনপ্রিয়তা ব্যাপক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ফার্নান্দেজের এ বিজয়কে তার স্বামী কার্শনারের অর্থনৈতিক সাফল্যর পক্ষে আর্জেন্টাইনদের রায় হিসাবেও মনে করছেন অনেকে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে আছেন ফার্নান্দেজ। ফলে আগামী মাসে তাকে দ্বিতীয়দফা নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে না। এছাড়া, নির্বাচনে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সাবেক আইনপ্রণেতা এলিসা কারিও এবং কার্শনারের অর্থমন্ত্রী রবার্তো লাভাঙ্গা ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন। রোববার রাতে ফার্নান্দেজ তার এক নির্বাচনী প্রচার মঞ্চে উত্তাসিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছি। আগামী দিনের জন্য আমি আপনাদের স্বাগত জানাতে চাই। কারণ ২০০৩ সাল থেকে আমরা দারিদ্র ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক অগ্রগতি করেছি।" প্রসঙ্গত, ২০০১-২০০২ সালের অর্থনৈতিক সংকট থেকে আর্জেন্টিনাকে উদ্ধার ও চাকরির বাজার সৃষ্টি এবং বেতন ও অবসরকালীন সুযোগ সুবিধা বাড়ানোর জন্য মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট নেসতর কার্শনারের সাফল্যের প্রশংসা করেন অনেক আর্জেন্টাইন। আর ২০০৪ সালে আর্জেন্টিনার ক্ষমতা নেওয়ার পর থেকে চার বছরের শাসনামলে প্রেসিডেন্ট কার্শনারের প্রধান উপদেষ্টা ছিলেন তার স্ত্রী সিনেটর ক্রিস্টিনা ফার্নান্দেজ। ধারণা করা হচ্ছে, রাষ্ট্র পরিচালনায় স্বামী নেসতর কির্চনারের নীতিগুলো বজায় রাখবেন ফার্নান্দেজ। তিনি হয়তো আর্জেন্টিনাকে ভেনেজুয়েলা, বলিভিয়া ও ইকুয়েডরের মতো আরও বামধারার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাবেন না। তবে ফার্নান্দেজ তার শাসনামলে ভেনেজুয়েলার মার্কিনবিরোধী প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৫৫ ঘ.