২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লারকানায় নিহত সমর্থকদের পরিবারের সঙ্গে বেনজিরের সাক্ষাৎ

পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রোববার লারকানায় কঠোর নিরাপত্তার মধ্যে দলের নিহত সমর্থকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। বেনজির ভুট্টো পিতৃপুরুষের ভিটা সফরে গত শনিবার সিন্ধু প্রদেশের লারকানা শহরের কাছাকাছি ঘরি খুদা বখশ গ্রামে যান। সেখানে তিনি তার বাবা জুলফিকার আলি ভুট্টোর কবর জিয়ারত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 05:11 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

লারকানা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রোববার লারকানায় কঠোর নিরাপত্তার মধ্যে দলের নিহত সমর্থকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। বেনজির ভুট্টো পিতৃপুরুষের ভিটা সফরে গত শনিবার সিন্ধু প্রদেশের লারকানা শহরের কাছাকাছি ঘরি খুদা বখশ গ্রামে যান। সেখানে তিনি তার বাবা জুলফিকার আলি ভুট্টোর কবর জিয়ারত করেন। আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফেরার পরপরই করাচিতে তাকে হত্যা প্রচেষ্টার কয়েকদিন বাদে এই প্রথমবারের মতো করাচির বাইরে গেলেন বেনজির ভুট্টো। ওই হামলায় বেনজির প্রাণে বেঁচে গেলেও তাতে ১৩৯ জনের প্রাণহানি হয়। রোববার তিনি লারকানা শহরের ভিভিন্ন জায়গায় যান। এ সময় তিনি দলের নিহত দুই সমর্থকের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন। তবে তার সফরসূচি ছিল অঘোষিত। আর এ সময় তাকে সর্বক্ষণ ঘিরে ছিলেন একে-৪৭ ও এম-১৬ রাইফেলধারী নিরাপত্তাকর্মীরা। টেলিভিশন চিত্রে দেখা যায়, বেনজির যখন একটি বাড়িতে কথা বলছেন তখন ভারী অস্ত্রধারী নিরপত্তাকর্মীরা বাড়ির চারপাশে পাহারা দিচ্ছেন। এ সময় দলের সমর্থকরা উল্লাসে নাচানাচি করছেন এবং দলীয় পতাকা ওড়াচ্ছেন। পরে এক সংবাদ সম্মেলনে ভুট্টো বলেন, "শহীদদের পরিবারের সদস্যদের দেখতে আজ আমি লারকানায় এসেছি। প্রতিজ্ঞা করছি, এই সমস্ত পরিবারের পাশে আমি থাকব। কারণ দেশের গণতন্ত্রের স্বার্থে পরিবারের প্রিয় মানুষদের তারা হারিয়েছেন।" এ সময় অনেক সমর্থক বেনজির ভুট্টোকে দেখার জন্য বাড়ির ছাদে উঠে পড়েন। অনেকে রাস্তার ধারে লাইন দিয়ে দাড়িয়ে তার ওপর ফুলের পাঁপড়ি ছড়িয়ে দেন। শনিবার লারকানা শহরের কাছেই পূর্ব পুরুষের ভিটে ঘরি খুদা বখশ গ্রামে জুলফিকর আলি ভুট্টোর সমাধি চত্বরে বেনজিরকে স্বাগত জানায় পিপিপি'র হাজার হাজার কর্মী সমর্থক। এদের বেশিরভাগই তরুণ। এসময় "ভুট্টো জিন্দাবাদ" বলে শ্লোগান দেন তারা। সমাধির আশপাশে একে-৪৭ রাইফেলসহ কড়া সতর্কতায় ছিলেন বেনজিরের সমর্থকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি