ওয়াশিংটন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডিএনএ'র গঠন আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে ১৯৫৯ সালের নোবেল পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের ড. আর্থার কর্নবার্গ (৮৯) শুক্রবার মারা গেছেন। মৃত্যুর আগে তিনি শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল একথা জানিয়েছে।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি'র স্কুল অব মেডিসিন এর 'প্রফেসর এমেরিটাস' কর্নবার্গ ড. সেভেরো ওকাও'র সঙ্গে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে ওই নোবেল পুরস্কার পান।
কর্নবার্গ ডিএনএ'র গঠন এবং ওকাও আরএনএ'র সংশ্লেষণ আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এর ডিন এক বিবৃতিতে বলেছেন, "আমেরিকার চিকিৎসা বিজ্ঞানে ড. আর্থার কর্নবার্গ সবচেয়ে স্বতন্ত্র এবং উল্লেখযোগ্য একজন বিজ্ঞানী।"
কর্নবার্গের ছেলে রজার কর্নবার্গ গত বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন।
১৯১৮ সালের ৩ মার্চ ব্র"কলিনে জন্মগ্রহণকারী কর্নবার্গ নোবেল পুরস্কার ছাড়াও বেশ কিছু পুরস্কার পেয়েছেন। সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিশেষভাবে উল্লেখযোগ্য।
ডিএনএ এবং বায়োটেকনোলজির ওপর তার বেশ কয়েকটি বই রয়েছে। তার সর্বশেষ বই "জার্ম স্টোরিস" আগামী ১৫ নভেম্বর বাজারে আসার কথা।
মৃত্যুকালে কর্নবাগ স্ত্রী ক্যারোলিন ফ্রে ডিক্সন কর্নবার্গ ও তিন ছেলে রেখে গেছেন। ১৯৯৮ সালে ৮০ বছর বয়সে তিনি ডিক্সনকে বিয়ে করেন। এর আগে তার আগের দুই স্ত্রী মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৩৫ ঘ.
bdnews24