সান্তিয়াগো, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশে'র বিধবা স্ত্রী এবং চার সন্তানকে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে শুক্রবার অব্যাহতি দিয়েছে দেশটির আপিল আদালত। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পিনোশের শাসনামলে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি কোষাগারের লাখ লাখ ডলার অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে এ মাসের শুরুতে তাদের আটক করা হয়েছিল।
সান্তিয়াগোর আপিল আদালতের রায়ে বলা হয়, পিনোশের স্ত্রী লুসিয়া হিরিয়ার্ত এবং চার সন্তানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ রায়ের মাধ্যমে এ মাসের শুরুতে সুপ্রিম কোর্টের এক বিচারপতির রায় খারিজ হয়ে গেল। পিনোশে ও তার পরিবার পরিজনদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় তদন্তের স্বার্থে ওই পাঁচজনের বিরুদ্ধে আটকাদেশ জারি করেছিলেন ওই বিচারপতি।
গত ৪ অক্টোবর পিনোশের স্ত্রী ও মধ্যবয়সী চার সন্তানকে আটক করা হয়েছিল। গেপ্তারের দুদিন পর তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
শুক্রবার তাদের অব্যাহতি দিয়ে আপিল আদালতের রায়ের পর পিনোশের বড় মেয়ে লুসিয়া পিনোশে বলেন, "আমি মনে করি ন্যায় বিচারের জয় হয়েছে।"
চিলির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, "এটা সবাই জানে যে আপনি একজন সরকারি কর্মকর্তা না হলে সরকারি কোষাগারের অর্থ আত্মসাতের অভিযোগে আপনার বিচার করা সম্ভব না।"
অবশ্য সরকার পক্ষের কৌসুলিরা বলেছেন তারা এ রায়ের বিরুদ্ধে আবারও আপিল করবেন। তবে ওই আপিল খারিজ হয়ে গেলেও পিনোশে পরিবারকে আরও অনেক আর্থিক দুর্নীতি এবং অন্যান্য অভিযোগ মোকাবেলা করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৪৩২ ঘ.
bdnews24