২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় বাবার কবর জিয়ারত করলেন বেনজির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো শনিবার কড়া নিরাপত্তার মধ্যে লারকানায় তার বাবা জুলফিকার আলি ভুট্টোর কবর জিয়ারত করেছেন। সিন্ধু প্রদেশে তার পিতৃপুরুষের ভূমি লারকানা বেনজিরের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। প্রসঙ্গত, দেশে ফেরার পরপরই করাচিতে তাকে হত্যা প্রচেষ্টার কয়েকদিন বাদে এ প্রথমবারের মতো করাচির বাইরে গেলেন তিনি। ওই হামলায় বেনজির প্রাণে বেঁচে গেলেও তাতে ১৩৯ জনের প্রাণহানি হয়। >> হামলার পরও জনমনে বেনজিরের জন্য সহানুভূতি নেই: জরিপ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঘরি খুদা বখশ, পাকিস্তান, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো শনিবার কড়া নিরাপত্তার মধ্যে লারকানায় তার বাবা জুলফিকার আলি ভুট্টোর কবর জিয়ারত করেছেন। সিন্ধু প্রদেশে তার পিতৃপুরুষের ভূমি লারকানা বেনজিরের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। প্রসঙ্গত, দেশে ফেরার পরপরই করাচিতে তাকে হত্যা প্রচেষ্টার কয়েকদিন বাদে এ প্রথমবারের মতো করাচির বাইরে গেলেন তিনি। ওই হামলায় বেনজির প্রাণে বেঁচে গেলেও তাতে ১৩৯ জনের প্রাণহানি হয়। লারকানা শহরের কাছেই পূর্ব পুরুষের ভিটে ঘরি খুদা বখশ গ্রামে ভুট্টোর সুপরিসর সমাধি চত্বরে তাকে স্বাগত জানায় পিপিপি'র প্রায় চারহাজার কর্মী সমর্থক। এদের বেশিরভাগই তরুণ। এসময় "ভুট্টো জিন্দাবাদ" বলে শ্লোগান দেন তারা। সমাধির আশপাশে একে-৪৭ রাইফেলসহ কড়া সতর্কতায় ছিলেন বেনজিরের সমর্থকরা। পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনে দেখানো হয় ভুট্টো তার পিতার কবরে পবিত্র কোরআনের আয়াত লেখা একটি চাদর বিছিয়ে দেন। এসময় সেখানে গোলাপের পাপড়ি ছিটানো হয়। এর আগে বেনজির ভুট্টোকে বহনকারী বিমানটি করাচি বিমানবন্দর থেকে সুক্কুর বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানকার টার্মিনালে সমবেত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হাজার হাজার সমর্থক তাকে অভিনন্দন জানান। তারা তখন "প্রধানমন্ত্রী বেনজির" বলে শ্লোগান দেয়। অনেকে গাছের ডালে চড়েও পার্টির পতাকা নাড়িয়ে তাকে অভিনন্দন জানান। বেনজিরকে বহনকারী বিমানটি সুক্কুর বিমানবন্দরে স্পর্শ করার সময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "অনেক আগে আমি এখানে এসেছিলাম এবং আরও একবার আমার নিজভূমিতে পা রাখার সুযোগ দেওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ।" বিমান থেকে নামার পরপরই বেনজির একটি কোরআন শরীফে চুম্বন করেন। তখন এক সমর্থক তার কাঁধে সিন্ধুর ঐতিহ্যবাহী সাল জড়িয়ে দেন। এরপর তিনি একটি জিপে চড়ে পৈত্রিকভূমি লারকানার উদ্দেশ্যে রওনা দেন। রাস্তার পাশ থেকে তার দিকে গোলাপের পাঁপড়ি ছুড়তে থাকা উল্লাসিত সমর্থকদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। বেনজিরের সঙ্গে সাক্ষাতের আশায় সুক্কুর বিমানবন্দরের লাউঞ্জে ঢোকার চেষ্টা করেন তার অনেক সমর্থক। তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ব্যাপক ধাক্কা-ধাক্কি হয়। তাদের একজন ইমদাদ কান্দিও। তিনি বলেন, "আমাদের নেতা দুর্দান্ত সাহসী। তিনি ভীত না হলে আমরাও ভীত নই।" আট বছরের নির্বাসিত জীবন শেষে পাকিস্তানে ফিরে আসার পরপরই গত সপ্তার হত্যা প্রচেষ্টার পর করাচির বাইরে এটাই বেনজিরের প্রথম সফর। এ উপলক্ষে সুক্কুর বিমানবন্দরে মোতায়েন করা হয় শ'শ' পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য। সুক্কুর থেকে বেনজির লারকানা শহরের পার্শ্ববর্তী ঘরি খুদা বখশ গ্রামে যান তার বাবা ও পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর সমাধিতে প্রার্থনা করার জন্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৪০ ঘ.