ম্যানিলা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনের কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা শুক্রবার মুক্তি পেয়েছেন। ঘুষ ও দুর্নীতিসহ নানা কেলেঙ্কারিতে অভিযুক্ত পূর্বসূরী এস্ত্রাদার যাবজ্জীবন কারাদণ্ড লাঘব করে বৃহস্পতিবার প্রেসিডেন্ট গ্লোরিয়া মাকাপাগাল অ্যারোইয়োর নির্দেশের পর শুক্রবার তাকে মুক্তি দেওয়া হল। এদিকে, এস্ত্রাদাকে মুক্তি দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট অ্যারোইয়ো।
এস্ত্রাদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার মাত্র ছয় সপ্তাহ পরই তাকে মুক্তি দেওয়া হল। ম্যানিলার ৫০ কিলোমিটার পূর্বদিকে তার নিজ জন্মশহরে প্রায় সাড়ে ছয়বছর বন্দি থাকার পর তিনি মুক্তি পেলেন।
আনুষ্ঠানিকভাবে মুক্তির পর সাবেক এ চিত্রতারকা প্রেসিডেন্টকে স্বাগত জানাতে আসা বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের সঙ্গে তার হাসিমুখে করমর্দনের দৃশ্য দেখানো হয় স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে। এস্ত্রাদা মুক্তি পেয়েই ম্যানিলায় তার ১০২ বছর বয়সী অসুস্থ মাকে দেখতে যাওয়ার ইচ্ছার কথা জানান।
বাড়ি ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন এস্ত্রাদা। ব্যান্ড বাজাতে বাজাতে, হাতে ব্যানার এবং ছবি নিয়ে তার অগণিত ভক্ত-সমর্থক তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে। মুক্তির স্বাদ পেয়ে এস্ত্রাদা বলেছেন, তিনি আরও কখনই রাজনীতির নোংরা জগতে প্রবেশ করবেন না। বাদবাকী জীবনটা তিনি জনগণের সেবা করেই কাটিয়ে দিতে চান।
কিন্তু এস্ত্রাদাকে যেভাবে এবং যে সময়ে মুক্তি দেওয়া হল তার তীব্র সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের নেতারাসহ সংশ্লিষ্টরা।
ফিলিপাইনের প্রধান ব্যবসায়িক ফোরাম মাকাটি বিজসেন ক্লাব এর নির্বাহি পরিচালক আলবার্ট লিম বলেছেন, " আমরা খুবই হতাশ। বিশেষত যে তাড়াহুড়া করে এটা করা হল তাতে। মুক্তি দেওয়ার এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ।"
প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের টেলিকম চুক্তিতে দুর্নীতির অভিযোগ এবং ঘনিষ্ট সহযোগী ও মিত্রদের মাধ্যমে ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগে অ্যরোইয়োর সরকারের বিরুদ্ধে বিরোধীদের তুমুল প্রতিবাদ বিক্ষোভের পরপরই রাজনৈতিক মেরুকরণে ভারসাম্য আনার লক্ষ্যে সাবেক এ প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24