করাচি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাসন থেকে দেশে ফেরার পরপরই তার শোভাযাত্রায় আত্মঘাতী হামলাকারী সন্দেহে ২য় আরেকজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে। বেনজিরের ওই শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ১৩৯ জন নিহত হয়।
করাচিতে বেনজিরের শোভাযাত্রায় হামলাকারী প্রথম ব্যক্তির ছবি পুলিশ প্রকাশ করে হামলার পরদিনই (১৯ অক্টোবর)। তবে হামলাকারী একজন না দুজন এ ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, প্রথম বিস্ফোরণটি ঘটেছে গ্রেনেড থেকে। ওই ঘটনার এক সপ্তাহ পেরিয়েছে। কিন্তু সন্দেহভাজন দুজনের ছবি থেকে পুলিশ তাদেরকে এখনও সনাক্ত করতে পারেনি।
পুলিশ ২য় হামলাকারী সন্দেহে যে ব্যক্তির ছবি প্রকাশ করেছে তাতে দাড়িগোফওয়ালা ওই ব্যক্তির বিকৃত মুখাবয়ব দেখা গেছে। তাছাড়া চোখ এবং কপালও মারত্মক ভাবে জখম হওয়ায় ছবিটি সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে। কিন্তু ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা এবং কতজনকে আটক করা হয়েছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রদেশিক সরকারের উপদেষ্টা ওয়াসিম আখতার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৮ঘ.
bdnews24