আঙ্কারা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তুরস্কের যুদ্ধবিমান এবং সেনারা উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের ঘাঁটিতে হামলা চালানোর পর ইরাক সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে শুরু করেছে। তবে আঙ্কারা বলেছে, তারা এখনই ইরাকে কোনো বড় ধরনের হামলা চালাবে না। তুরস্কের সেনাবাহিনীর কয়েকটি সূত্র একথা জানিয়েছে। এর আগে সেনাবাহিনী রয়টার্সকে জানায়, তুর্কি যুদ্ধবিমান এবং স্থল বাহিনী গত রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তুরস্ক সীমান্ত সংলগ্ন উত্তর ইরাকের কুর্দি বিদ্রোহিদের ওপর হামলা চালিয়েছে।
সূত্র জানায়, যুদ্ধবিমানগুলো ইরাকের ২০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে। পাশাপাশি, তুর্কি বাহিনীর অন্ততপক্ষে তিনশ' স্থল সেনা প্রায় ১০ কিলোমিটার ভেতরে ঢুকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩৪ জন বিদ্রোহীকে হত্যা করে।
সেনা সূত্রগুলো আরও জানায়, পার্বত্য সীমান্ত এলাকায় তুর্কি বাহিনী অতীতে যেমন ছোটখাটো হামলা চালিয়েছে রবি ও মঙ্গলবারের হামলাটিও ছিল সে ধরনের হামলা।
এক সেনা কর্মকর্তা বলেন, উত্তর ইরাকে আরও হামলা চালানো হতে পারে। তবে বুধবারে হামলার কোনো খবর পাওয়া যায়নি। উত্তর ইরাকে তুরস্কের সম্ভাব্য বড় ধরনের আগ্রাসনের আশঙ্কায় উদ্বিগ্ন ওয়াশিংটন এবং বাগদাদকে আশ^স্ত করে আঙ্কারা অবশ্য বলেছে, তারা এখনও সঙ্কটের কূটনৈতিক সমাধানের ব্যাপারে আশাবাদী।
বাগদাদ ইতোমধ্যেই কুর্দি বিদোহিদের দমনে তুরস্ককে সহায়তা করার অঙ্গীকার করলেও তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকার ইরাকে হামলা চালানোর ব্যাপারে দেশে প্রচণ্ড চাপের মুখে আছে। বিশেষ করে রোববার পিকেকে বিদ্রোহিরা সীমান্তে ১২ সেনা হত্যা করার পর তুরস্কর সরকারের ওপর চাপ আরও বেড়েছে।
তুরস্ক সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছেন, "আমরা সীমান্তে আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি। তুরস্ক ইতোমধ্যেই সীমান্তে একলাখ সেনা মোতায়েন করার পাশাপাশি এফ-১৬ জঙ্গি বিমান , হেলিকপ্টার গানশীপ মোতায়েন করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০৯ ঘ.
bdnews24