সান ডিয়াগো, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল বুধবার চারদিনে গড়িয়েছে। মারা গেছে কমপক্ষে পাঁচজন। ঝড়োহাওয়ার পাশাপাশি শুস্ক আবহাওয়ার কারণে প্রলয়ঙ্করী রূপ নেওয়া এ দাবানলে মঙ্গলবার রাত পর্যন্ত ভস্মীভূত হয়ে গেছে দেড় হাজার ঘর-বাড়ি। এছাড়া এখনও হুমকির মুখে রয়েছে ৬০ হাজারের বেশি ঘর-বাড়ি। এদিকে, ক্যালিফোর্নিয়ায় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলের কবল থেকে রক্ষার জন্য নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার পাঁচ লাখ লোককে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার দুর্যোগের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রে এতো বিপুল সংখ্যক লোককে নিরাপদে সরিয়ে নিতে হল।
শক্তিশালী 'সান্তা আনা' উষ্ণ মরু বাতাসের কারণে সৃষ্ট এ দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো এলাকা। গত রোববার থেকে বিরামহীনভাবে এখানে চলেছে দাবানলের তাণ্ডবলীলা। এখনাকার কমপক্ষে চারটি স্থানে জ্বলছে দাবানলের আগুন। এদিকে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দাবানল সান ডিয়াগোর মেক্সিকো সীমান্তের দিকে ধেয়ে যেতে থাকায় সেখানে সতর্কতা জারি করা হয়।
দাবানলে পুড়ে যাওয়া ঘর-বাড়ির অধিকাংশই সান ডিয়াগো এলাকার। রোববার এখানে একজন মারা যায়। দাবানলের ভয়ে নিরাপদে পালিয়ে আসাদের সূত্রে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১৮ জন দমকলকর্মীসহ আহত হয়েছে প্রায় ৪০ জন লোক।
সান ডিয়াগোর 'কুয়ালকম' স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে প্রায় আট হাজার লোক। তাদের একজন ৩০ বছর বয়সী আনা রামিরেজ। চার বছরের মেয়েকে নিয়ে স্টেডিয়ামে আশ্রয় নেওয়া অন্তঃসত্ত্বা রামিরেজ বলেন, "আমি আমার সন্তান, ঘর, সবকিছু নিয়েই উদ্বিগ্ন।"
দাবানলের লেলিহান শিখা ১০০ ফুটের বেশি উপরে উঠতে থাকায় এবং রাত নেমে আসায় তা নিয়ন্ত্রণে আনতে ক্যালিফোর্নিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো এবং দমকলকর্মীদের প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর আরনল্ড সোয়ার্জনেগার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশেকে ক্যালিফোর্নিয়ার এ দাবানলকে এক "বড় বিপর্যয়" হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে বুশ ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন। কিন্তু পরে এক চিঠিতে সোয়ার্জনেগার বুশকে বলেন, এ বিপর্যয় এমন ভয়াবহ রূপ নিয়েছে যে এটা মোকাবেলার কার্যকর পদক্ষেপ নেওয়া অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের পক্ষে অসম্ভব।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃহস্পতিবার সফরের পরিকল্পনা নিয়েছেন বুশ।
সোয়ার্জনেগার বলেন, রাজ্যের বিশাসবহুল বাসভবন থেকে শুরু করে সব মিলে ৬৮ হাজার ঘর-বাড়ি এখন হুমকির মুখে। তিনি বলেন, প্রায় ১০ হাজার নারী-পুরুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আছেন।
সোয়ার্জনেগার জানান, দাবানলে তিন লাখ একরের বেশি জমি পুড়ে কালো হয়ে গেছে। রাজ্য সরকারের হিসাবে দাবানলে আর্থিক ক্ষতি হয়েছে কোটি কোটি ডলার।
সোয়ার্জনেগার বলেন, খুবই শুস্ক অঞ্চলে গরম আবহাওয়ার সাথে দমকা হাওয়ার কারণে সৃষ্টি হয়েছে এ আগুনের ঝড়।
বাতাসের গতি কমে আসলে এবং আর্দ্রতা বাড়লে দাবানল নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
তবে তাদের আশঙ্কা 'উইচ ফায়ার' নামের এ দাবানল ২০০৩ সালের তথাকথিত 'সীডার ফায়ার' এর মতো ধ্বংসাত্মক রূপ নিতে পারে। প্রসঙ্গত, ২০০৩ সালের ওই দাবানলে দুই লাখ ৮০ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছিল এবং নিহত হয়েছিল ১৫ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৯ ঘ.
bdnews24