ওয়াশিংটন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ইরাকি পুলিশদের প্রশিক্ষণ দিতে ব্যয় করা প্রায় ১শ' ২০ কোটি ডলারের কোনো হিসাব দিতে পারছেনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশিক্ষণ কার্যক্রম চালানোর জন্য ইরাকে মার্কিন সরকারের বৃহত্তম বেসরকারী ঠিকাদার ডায়ানকর্প-কে ওই অর্থ দিয়েছিল বুশ প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, এ খাতের পুরো অর্থ ব্যবস্থাপনাই এতো বাজে ছিল যে হিসেব নিরীক্ষকরা বলতে পারছেন না কিভাবে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। এদিকে, এ খবর প্রকাশের ঠিক আগেরদিন সোমবার প্রেসিডেন্ট বুশ ইরাক ও আফগানিস্তান যুদ্ধের জন্য আরও ১৮৯ কোটি ৩০ লাখ ডলার তহবিল চেয়েছেন কংগ্রেসের কাছে।
যুক্তরাষ্ট্রের 'ইরাক পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শকের' (এসআইজিআইআর) দপ্তর থেকে বলা হয়েছে, ডায়ানকর্প এর সঙ্গে চুক্তির হিসেব নিরীক্ষা বাদ দিতে বাধ্য হন তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের নিজেদের হিসেবের ওপর কোনো ভরসা না থাকার কথা জানানোর পর তদন্তকারীরা ওই নিরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু নিরীক্ষা বাতিল করার আগে যতটুকু হিসেব নেওয়া হয়েছিল তাতেই ধরা পড়েছে নানা অনিয়ম। দেখা গেছে যে, ১৮ লাখ ডলার দিয়ে এমন একটি 'এক্সরে স্ক্যানার' কেনা হয়েছিল যা কখনোই ব্যবহার করা হয়নি। ডায়ানকর্প কর্মকর্তাদের হোটেলে থাকার ব্যবস্থার জন্যই ব্যয় করা হয়েছে ৩,৮৭,০০০ ডলার। অথচ হোটেলে না রেখে তাদের বিকল্প থাকার ব্যবস্থা করা যেত।
ইরাকে আরেক বেসরকারী মার্কিন নিরাপত্তা ঠিকাদার 'ব্ল্যাকওয়াটার' কর্মীদের নিরস্ত্র ইরাকিদের ওপর গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করার ঘটনায় তুমুল আলোচনা-সমালোচনার পরপরই ডায়ানকর্প এর এ খবর প্রকাশিত হলো।
এদিকে মার্কিন কংগ্রেসের কাছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের জন্য আরও তহবিল চেয়ে বুশের আহ্বান সত্ত্বেও তা অনুমোদন পাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ২০০৮ অর্থ বছরের জন্য এ অর্থ বরাদ্ধ চেয়েছে বুশ প্রশাসন।
কিন্তু ওই অর্থ বছর শেষ হওয়ার আগেই ইরাক থেকে উল্লেখযোগ্য পরিমাণে সেনা কমিয়ে আনা এবং ইরাক যুদ্ধের একটি সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের ভেতরে চাপ থাকায় বুশের এ যুদ্ধবিল অনুমোদন নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24