২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলে শ'শ' বাড়ি ভস্মীভূত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দ্রুত ধাবমান এক দাবানল। ঝড়োহাওয়ার পাশাপাশি শুস্ক আবহাওয়ার কারণে প্রলয়ঙ্করী রূপ নেওয়া এ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে সেখানকার শ'শ' ঘর-বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আড়াই লাখের বেশি লোককে। শক্তিশালী 'সান্তা আনা' মৌসুমী বাতাসের কারণে সোমবার কমপক্ষে ১৩টি স্থানে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। দাবানলে ইতিমধ্যেই দুই লাখ একর জমি পুড়ে গেছে। নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে ৩০ জনেরও বেশি লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

লসএ্যাঞ্জেলস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দ্রুত ধাবমান এক দাবানল। ঝড়োহাওয়ার পাশাপাশি শুস্ক আবহাওয়ার কারণে প্রলয়ঙ্করী রূপ নেওয়া এ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে সেখানকার শ'শ' ঘর-বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আড়াই লাখের বেশি লোককে। শক্তিশালী 'সান্তা আনা' মৌসুমী বাতাসের কারণে সোমবার কমপক্ষে ১৩টি স্থানে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। দাবানলে ইতিমধ্যেই দুই লাখ একর জমি পুড়ে গেছে। নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে ৩০ জনেরও বেশি লোক। দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে ক্যালিফোর্নিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো এবং দমকলকর্মীরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সাহায্য করার জন্য গভর্নর আরনল্ড সোয়ার্জনেগার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের দেড় হাজার সেনা তলব করেছেন। প্রতিবেশী নেভাদা এবং আরিজোনা অঙ্গরাজ্য থেকেও দমকলকর্মী এবং সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও সোয়ার্জনেগারকে প্রয়োজনীয় সাহায্যর প্রতিশ্র"তি দিয়েছেন। সোমবার সোয়ার্জনেগার বলেন, "আপনারা জানেন আড়াই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এটা সান ডিয়াগো কাউন্টি এবং ক্যালিফোর্নিয়ার জন্য এক মর্মান্তিক দিন।" দাবানলের পাশাপাশি ঝড়োহাওয়া বইতে থাকায় ক্যালিফোর্নিয়ার প্রধান প্রধান সড়কসহ ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল বন্ধ হয়ে গেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। সান ডিয়াগো কাউন্টির বাড়ি থেকে পালিয়ে আসা ৪৭ বছর বয়সী জেনিস এডমুন্ডস বলেন, "আমরা একটি পাহাড়ের ওপর বসবাস করতাম এবং সেখান থেকে বেরুনোর একটিমাত্র পথ ছিল। রাত সাড়ে তিনটার দিকে দেখলাম পাহাড়ের ওপর দিয়ে আগুন ধেয়ে আসছে এবং তখনই আমরা পালানোর প্রস্তুতি নিতে শুরু করি।" স্থানীয় বেতারের খবরে বলা হয়েছে, সান ডিয়াগোর একটি বার্ন সেন্টারে ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার এখানকার মেক্সিকো সীমান্ত এলাকায় আগুনে একজন মারা গেছে। এদিকে, কর্মকর্তারা আশঙ্কা করছেন 'উইচ ফায়ার' নামের এ দাবানল ২০০৩ সালের তথাকথিত 'সীডার ফায়ার' এর মতো ধ্বংসাত্মক রূপ নিতে পারে। প্রসঙ্গত, ২০০৩ সালের ওই দাবানলে দুই লাখ ৮০ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছিল এবং নিহত হয়েছিল ১৫ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৩ ঘ.