আঙ্কারা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কুর্দি বিদ্রোহীদের হামলায় ১৭ তুর্কি সেনা নিহত হওয়ার পর উত্তর ইরাকের কুর্দি বিদ্রোহী দমনে সীমান্ত পেরিয়ে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ব্যাপারে জনসাধারণের তীব্র চাপের মুখে পড়েছে তুর্কি সরকার। কুর্দি বিদ্রোহীদের দমনে তুরস্ক তাই যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের কার্যালয় গত রোববার রাতে একথা জানিয়েছে। সোমবার তুর্কি সেনাবাহিনী জানায়, সীমান্তে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর তাদের ৮ সেনা নিখোঁজ রয়েছে।
তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু সময় দিতে তিনি রাজি। তবে তিনি চান কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে "ত্বরিত" ব্যবস্থা নিক ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র উত্তর ইরাকে তুরস্কের যে কোনো ধরনের সেনা অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে, এর ফলে আরও অস্থিতিশীল হয়ে পড়বে অঞ্চলটি।
তুর্কি পালামেন্ট গত বুধবার উত্তর ইরাকের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি'র (পিকেকে) বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দমনে সীমান্ত পেরিয়ে সেনা অভিযানের অনুমোদন দেওয়ার চারদিন পর তুরস্কের ১৭ সেনা নিহতের ওই ঘটনা ঘটে।
তুরস্কের সেনা বাহিনী সোমবার জানায়, সীমান্তে সংঘর্ষের পর তাদের ৮ সেনা নিখোঁজ রয়েছেন। এছাড়া তারা দাবি করেছে এ সময় ৩৪ বিদ্রোহী নিহত হয়েছেন। তবে বিদ্রোহিদের মুখপাত্র ফিরাত সংবাদ সংস্থা জানিয়েছে, বিদ্রোহীরা অনেক সেনাকে আটক করেছেন এবং তাদের মধ্যে সাত জনের নাম প্রকাশ করেছেন। কিন্তু বিদ্রোহিদের এই দাবি অস্বীকার করেছে তুরস্কের সেনাবাহিনী।
আঙ্কারার ধারণা, উত্তর ইরাকে প্রায় তিন হাজার পিকেকে বিদ্রোহী রয়েছে। তারা দক্ষিণ-পূর্ব তুরস্কে স্বায়ত্বশাসনের দাবিতে যুদ্ধ করছে। আর তাদের দমনের লক্ষ্যে ইরাক সীমান্ত বরাবর প্রায় এক লাখ সেনা মোতায়েন রয়েছে তুরস্কের।
তুরস্কের জাতীয়তাবাদী পত্রিকা 'কুমহুরিয়েত' তাদের সোমবারের সংখ্যার প্রথম পাতার শিরোনামে হতাশা ব্যক্ত করে বলেছে "অনেক হয়েছে অনেক।" 'ইয়েনি সাফাক' নামের অপর এক পত্রিকায় শিরোনাম হয়েছে "আমরা সবাই সৈনিক।" এছাড়া, তুরস্কের বিরোধীদলীয় নেতারাও কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সোমবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ানের। ওই বৈঠকে পিকেকে'র ক্রমবর্ধমান সহিংসতার বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের পর রাতেই এক আনুষ্ঠানিক সফরে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা এরদোয়ানের।
রোববার কুর্দি বিদ্রোহীদের হামলায় ১৭ তুর্কি সেনা নিহত হওয়ার পর রাতে এক জরুরি বৈঠকে মিলিত হন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা। বৈঠকের পর রাতেই প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলোর কার্যালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদকে পরাজিত করতে যা প্রয়োজন তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
বিবৃতিতে বলা হয়, "ইরাকের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকলেও যে কোনো মূল্যে তুরস্ক তার অধিকার, আইন, অখণ্ডতা, একতা এবং নাগরিকদের রক্ষা করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ ১৬১৩ ঘ.
bdnews24