লসএ্যাঞ্জেলস, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল ঝড়োহাওয়ার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সান দিয়াগো এলাকায় সোমবার একজন মারা গেছেন। এছাড়া, মেক্সিকো সীমান্তের কাছাকাছি মেলিবু এলাকায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে সরে পড়ছেন।
আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে দমকলকর্মী ও এলাকাবাসীকে আরও দুই দিন ঝড়ো হাওয়ার যন্ত্রণা সহ্য করতে হতে পারে। এ সময় তাপমাত্রা অনেক বেশি থাকবে এবং আদ্রতা থাকবে কম।
কর্মকর্তারা জানিয়েছেন, মেলিবু এলাকায় দাবানলে এ পর্যন্ত ২২শ' একর বনভূমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে কমপক্ষে ১০ টি ভবন। একটি গির্জাও পুড়ে গেছে। তবে হতাহতের কোনে খবর পাওয়া যায়নি।
সান দিয়াগোর গ্রামাঞ্চলে একজন মারা গেছেন এবং চার দমকলকর্মীসহ ১৭ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই এলাকায় প্রায় ১৪ হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে এবং সান দিয়াগো সমুদ্রবন্দর থেকে পশ্চিমের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
এছাড়া সান দিয়াগোয় অন্য একটি দাবানলের কারণে রোমানা শহরের ৩৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে।
ক্যালির্ফোনিয়ার গভর্নর আরনল্ড সোয়ের্জনেগার সান্তা বারবার এলাকা থেকে উত্তরে মেক্সিকো সীমান্ত পর্যন্ত সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
মেলিবুর দাবানল বিকালের দিকে একটু কমলেও কর্তপক্ষ সতর্ক করে দিয়েছে সান্তা আনার দাবানল বেশ তীব্র এবং রাতের দিকে তা আরো দ্বিগুণ হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৮ঘ.
bdnews24