২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি হামলায় ১৭ তুর্কি সেনা নিহত, আংকারায় জরুরি বৈঠক

কুর্দি বিদ্রোহীরা রোববার চোরাগোপ্তা হামলা চালিয়ে ১৭ তুর্কি সেনাকে হত্যা করেছে। আহত হয়েছে ১৬ জন। এ ঘটনায় তুরস্ক সরকার ইরাকে বিদ্রোহীদের আস্তানায় সামরিক অভিযান চালানো বিষয়ে জরুরি বৈঠকে বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

তুনসেলি, তুরস্ক, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুর্দি বিদ্রোহীরা রোববার চোরাগোপ্তা হামলা চালিয়ে ১৭ তুর্কি সেনাকে হত্যা করেছে। আহত হয়েছে ১৬ জন। এ ঘটনায় তুরস্ক সরকার ইরাকে বিদ্রোহীদের আস্তানায় সামরিক অভিযান চালানো বিষয়ে জরুরি বৈঠকে বসেছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে তুর্কি সেনাদের ওপর কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির বিদ্রোহীদের এটা ছিল ভয়াবহতম হামলা। তুরস্কের পার্লামেন্ট উত্তর ইরাকে বিদ্রোহীদের আস্তানায় অভিযান চালানোর জন্য সর্বসম্মতভাবে সরকারকে অনুমতি দেওয়ার চারদিনের মধ্যে এ হামলা হল। তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোয়ান রোববার গম্ভীর মুখে রয়টার্সকে বলেন, "আমরা প্রচণ্ড ক্ষুব্ধ। পার্লামেন্ট আমাদের যে কর্তৃত্ব দিয়েছে সে আলোকে আমরা যা করার করব।" হামলার পর রোববার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে নিয়ে ঊর্ধ্বতন সেনা ও বেসামরিক কর্মকর্তারা আংকারার প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠকে বসেন। এর আগে তুরস্কের সেনাবাহিনী জানায়, ইরাক সীমান্তবর্তী এলাকায় রোববার কুর্দি বিদ্রোহিদের সঙ্গে সংঘর্ষে ৩২ বিদ্রোহী নিহত হয়েছে। তুর্কি সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, ইরাক সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহিদের সঙ্গে সেনাদের সংর্ঘ চলছে। এতে এ পর্যন্ত ৩২ বিদ্রোহী নিহত হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সরকার ইতোমধ্যেই পিকেকে বিদ্রোহিদের দমনে ইরাকে হামলা চালানোর জন্য জনগণ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচণ্ড চাপের মুখে আছে। তবে যুক্তরাষ্ট্র এবং বাগদাদ সরকার আংকারাকে ইরাকের কুর্দি এলাকায় সেনা না পাঠানোর অনুরোধ জানিয়েছে। তাদের আশঙ্কা, ইরাকে তুর্কি সেনা প্রবেশ করলে এ অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচবি/০২০৬ ঘ.