২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ চায় তুরস্ক : প্রধানমন্ত্রী

তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান আশা করছেন উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্র তড়িৎ পদক্ষেপ নেবে। তিনি জানান, তার দেশ ওই অঞ্চলে সামরিক অভিযান এড়াতে চায়। শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 11:30 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

আঙ্কারা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান আশা করছেন উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্র তড়িৎ পদক্ষেপ নেবে। তিনি জানান, তার দেশ ওই অঞ্চলে সামরিক অভিযান এড়াতে চায়। শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি একথা জানান। তুরস্কের পার্লামেন্ট গত বুধবার উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানে সরকারকে অনুমতি দেওয়ার দুদিন পর প্রধানমন্ত্রী এরদোয়ান এই মন্তব্য করলেন। এরদোয়ান বলেন, "আমরা আশা করছি ইরাকে নিয়োজিত যৌথবাহিনী, বিশেষ করে মার্কিন সেনারা কুর্দি বিদ্রোহিদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে। এই পদক্ষেপ এমন হতে হবে, যেন উত্তর ইরাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযানের প্রয়োজন না হয়।" তিনি আরও বলেন, "এ ব্যাপারে ইরাক সরকারের থেকে মার্কিন প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা বেশি। উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের ওপর ইরাক সরকারের নিয়ন্ত্রণ খুব সামান্য। তবে ইরাকে অভিযান না চালানোর জন্য তুরস্কের প্রতি একের পর এক আহ্বান জানিয়ে আসছে ইরাক সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রও তুরস্ককে এই অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এরদোয়ান জানান, আগামী ৫ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সাক্ষাতের সময় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করবেন তিনি। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে এরদোয়ান সাংবাদিকদের বলেন, "প্রশিক্ষণ শিবিরসহ পিকেকে বিদ্রোহীদের সব ঘাঁটি বন্ধ ও সন্ত্রাসী নেতাদের আমাদের হাতে হস্তান্তর করলেই আমরা সন্তুষ্ট হব।" ইরাক ছেড়ে যাওয়ার জন্য বিদ্রোহীদের প্রতি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারির আহ্বানকে স্বাগত জানান এরদোয়ান। তবে তিনি বলেন, ইরাক সরকার দেরি করে ফেলেছে। ইরাক সরকার প্রতিশ্র"তি দিয়েছে, তারা কুর্দি বিদ্রোহীদের ইরাক ভূখণ্ড ব্যবহার করে তুরস্কে হামলা চালাতে দেবে না। প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেশে চাপের মুখে আছেন । তুরস্কের সরকারের দাবি তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য প্রায় তিন হাজার কুর্দি গেরিলা উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭২২ ঘ.