ওয়াশিংটন, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোয়াইট হাউস বলেছে অশোধিত তেলের দাম মাত্রাতিরিক্ত। বিশ্ব বাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ ব্যারেল প্রতি ৯০ ডলারে উন্নীত হওয়ার পর এ বিষয়ে শুক্রবার প্রতিক্রিয়া জানিয়েছে বুশ প্রশাসন। তবে আইন প্রণেতাদের সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ রক্ষায় তেলনীতিতে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে মার্কিন সরকার।
আসন্ন শীত মৌসুমে যোগান কমে যাওয়া এবং ডলারের দরপতনের আশঙ্কায় অক্টোবরের ৮ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের তেলের যোগান প্রায় ১৫ শতাংশ বেড়েছে। এর ফলে তেলের দাম এবং স্বর্ণসহ অন্যান্য পণ্যেরও দাম বেড়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী স্যাম বোডম্যান বলেছেন, " এটা মাত্রাতিরিক্ত দাম।" অশোধিত তেলের দাম সর্বকালের রেকর্ড পরিমাণ ব্যারেল প্রতি ৯০.০৭ ডলার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে শুক্রবার তিনি একথা বলেন।
তবে মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, রাষ্ট্রের জরুরি তেলমজুদ রক্ষায় বর্তমান সব কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি বলেন, " কোনো ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নেই আমাদের।"
এর আগে শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেন প্রেসিডেন্ট বুশ তেলের দাম আরও কম দেখতে চান।
মুখপাত্র টনি ফ্রাত্তো বলেন, "ব্যারেল প্রতি ৯০ ডলারের মতো একটি নির্দিষ্ট দামে কোনো কৃতিত্ব নেই। অবশ্যই তেলের কম দাম চাই আমরা।"
এদিকে তেলের দাম বাড়া নিয়ে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা 'ওপেক'-ও উদ্বিগ্ন। তেলের দাম নিয়ন্ত্রণে যোগান বাড়ানোর আলোচনা করতে তাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ এগিয়ে আনারও চিন্তা করছে সংস্থাটি। গত মাসের বৈঠকে আগামী ১ লা নভেম্বর থেকে তেলের যোগান বাড়িয়ে দৈনিক ৫ লাখ ব্যারেল এ উন্নীত করার সিদ্ধান্ত নেয় তারা।
তবে ওপেক এর প্রতি কোনো সুনির্দিষ্ট আহ্বান না জানালেও মার্কিন জ্বলানি মন্ত্রী স্যাম বোডম্যান তেলের দাম কমাতে যোগান বাড়ানো প্রসঙ্গে বলেছেন, " ওপেক কিংবা ওপেকভুক্ত নয় এমন সব রপ্তানীকারকই এ বিষয়ে নজর দেবে বলে আমি আশাবাদী।"
ইরানি বিপ্লবের একবছর পর ১৯৮০ সালের এপ্রিলে অশোধিত তেলের দাম (মূল্যস্ফীতির সমন্বয়সহ) ব্যারেল প্রতি ১০১.৭০ ডলারে পৌঁছেছিল। এরপর এবারই প্রথম সেসময়ের সবচেয়ে কাছাকাছি দামে তা ব্যারেল প্রতি নব্বই ডলারে উঠল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএ/১৪২৫ ঘ.
bdnews24