ইস্তাম্বুল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুডেন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের ঘাঁটিগুলো বন্ধ করে দিতে এবং গেরিলা নেতাদের হস্তান্তর করতে শুক্রবার ইরাকের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান।
ইস্তাম্বুলের একটি মসজিদে জুমার নামাজ শেষে এরদোয়ান সাংবাদিকদের বলেন, "প্রশিক্ষণ শিবিরসহ পিকেকে বিদ্রোহিদের সব ঘাঁটি বন্ধ ও সন্ত্রাসী নেতাদের আমাদের হাতে হস্তান্তর করলেই আমরা সন্তুষ্ট হব।"
ইরাক ছেড়ে যাওয়ার জন্য বিদ্রোহিদের প্রতি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারির আহ্বানকে স্বাগত জানিয়েছেন এরদোয়ান। তবে তিনি বলেছেন, ইরাক সরকার দেরি করে ফেলেছে।
তুরস্কের পার্লামেন্ট গত বুধবার উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সেনা অভিযানে সরকারকে অনুমতি দেওয়ার দুদিন পর প্রধানমন্ত্রী এরদোয়ান এই মন্তব্য করলেন।
তবে ইরাকে অভিযান না চালানের জন্য তুরস্কের প্রতি একের পর এক আহ্বান জানিয়ে আসছে ইরাক সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রও তুরস্ককে এই অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ইরাক সরকার প্রতিশ্র"তি দিয়েছে, তারা কুর্দি বিদ্রোহিদের ইরাক ভূখণ্ড ব্যবহার করে তুরস্কে হামলা চালাতে দেবে না।
প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেশে চাপের মুখে আছেন ।
তুরস্কের সরকার দাবি করে তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য প্রায় তিন হাজার কুর্দি গেরিলা উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০৮ঘ.
bdnews24