২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাকে দোষ দেবেন না' : পাকিস্তানের তালেবান কমান্ডার

বেনজির ভুট্টোর শোভাযাত্রায় বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহছুদ। হামলার সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন। শুক্রবার অজ্ঞাতস্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে তিনি রয়টার্সকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

মিরানশাহ, পাকিস্তান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেনজির ভুট্টোর শোভাযাত্রায় বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহছুদ। হামলার সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন। শুক্রবার অজ্ঞাতস্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে তিনি রয়টার্সকে একথা জানান। মেহছুদ বলেন, "ওই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না।" আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে তিনি আল-কায়েদার কর্মকাণ্ড চালান। পাকিস্তানের এই অঞ্চলটি আল-কায়েদার নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। বেনজির ভুট্টো দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তালেবান কমাণ্ডার মেহছুদ তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। তার ক্যাডারদের হাতে এই মুহুর্তে দুশ'র বেশি পাকিস্তানি সেনা জিম্মি আছে। গত আগস্ট থেকে তাদেরকে অপহরণ করে জিম্মি রাখা হয়েছে। এছাড়া ওয়াজিরিস্তানের আরেক তালেবান কমান্ডার হাজি ওমর এর আগে স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে বলেছিলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তার (বেনজিরের) চুক্তি আছে। পারভেজ মুশাররফের মতো আমরা তার ওপরও হামলা চালাব।" আট বছরের নির্বাসিত জীবন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বৃহস্পতিবার দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যেই তার গাড়িবহরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩৩ জন নিহত এবং ২৯০ জন আহত হন। কেউ দায় স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই হামলার জন্য জঙ্গি ও সন্ত্রাসবাদিদের দায়ী করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৮ঘ.