ম্যানিলা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বিপণী বিতানে শুক্রবার বোম বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ১০০ জন। পুলিশ ও কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছিল একটি রেস্টুরেন্টে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে। তবে পুলিশ সূত্র পরে জানায় তারা ঘটনাস্থলে বিস্ফোরক দ্রব্যের খোঁজ পেয়েছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে এক সূত্র পুলিশকে জানায়, মুক্তাই জেলার ওই বিপনী বিতানে একটি মোবাইল সারাই করার দোকানের পাশে প্লাস্টিক বিস্ফোরক দ্রব্যে সন্ধান পাওয়া গেছে। তিনতলা ওই বিপণী বিতানে ডিপার্টমেন্টাল স্টোর, বুটিক হাউস রেস্টুরেন্ট ও সিনেমা হল আছে।
এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পরপরই শহরের অন্যান্য অংশে এবং আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠক ডাকা হয়েছে।
তবে এখনো পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।
প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো আঞ্চলিক টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, "অবস্থা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, খুব সম্ভবত বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।
বিস্ফোরণের পরপরই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৬ঘ.
bdnews24