২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরকে লক্ষ্য করে হামলায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা

দেশে ফেরার পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর শোভাযাত্রায় বোমা হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। আত্মঘাতী বোমা হামলায় বেনজির অক্ষত থাকলেও এতে ১৩৩ জন নিহত ও ২৯০ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 09:55 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দেশে ফেরার পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর শোভাযাত্রায় বোমা হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। আত্মঘাতী বোমা হামলায় বেনজির অক্ষত থাকলেও এতে ১৩৩ জন নিহত ও ২৯০ জন আহত হন। বেনজিরকে লক্ষ্য করে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তানে এই ভয়ঙ্কর হামলার নিন্দা জানাচ্ছে এবং অনেক নিরীহ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।" যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টম ক্যাসি বলেন, "কোনো রাজনৈতিক কারণই নিরীহ জনগণকে হত্যার অজুহাত হতে পারে না।" হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের প্রতিনিধি নির্বাচনে বাধা দিতে মৌলবাদীদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভোতেজ সারনা এক বিবৃতিতে বলেছেন, " করাচিতে গতকালের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই আমরা।" বিবৃতিতে আরও বলা হয়, "এটা খুবই দুঃখজনক যে শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের এভাবে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে এবং এতো নিরীহ মানুষ তার শিকার হচ্ছে।" হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, "এ অঞ্চলে সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের সরকারগুলোর আরও কঠোর এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।" বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই হামলা পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনকে হুমকির মুখে ফেলবে। ইইউ হামলাকারীদের খুঁজে বের করার ব্যাপারে পাক- প্রশাসনকে আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/এএমটি/১৩২৯ ঘ.