করাচি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বেনজির ভুট্টোর শোভাযাত্রায় হামলায় মৃতের সংখ্যা ১৩৩ জনে দাঁড়িয়েছে; আহত ২৯০ জন। তবে অক্ষত রয়েছেন বেনজির। আট বছর নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা হলো। স্মরণকালে পাকিস্তানে এটিই সবচেয়ে বড় বোমা হামলা। দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলে আগেই হুমকি দিয়েছিল আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা।
এদিকে পাকিস্তান পুলিশ দাবি করছে, এটি ছিল আত্মঘাতী হামলা এবং মূল হামলাকারীকে তারা সনাক্ত করতে পেরেছে। আত্মঘাতীর মাথাটি তারা উদ্ধার করেছে এবং এর ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। হামলার বিষয়ে যে কোনো তথ্যের জন্য ৫০ লাখ রুপি (৮২ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বোমা হামলায় ১৩৩ জন নিহত ও ২৯০ জন আহত হওয়ার তথ্য জানান পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৈয়দ কামাল শাহ।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতের ওই হামলার সময় বেনজির ভুট্টো একটি সামিয়ানা টাঙ্গানো ট্রাকের মধ্যে ছিলেন। হাজার হাজার সমর্থক তাকে ঘিরে ছিল। বেনজিরকে বহনকারী ট্রাকটি লক্ষ করেই হামলাটি চালানো হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই তাকে গাড়ি থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।
করাচির পুলিশ কর্মকর্তা আজহার ফারুকি বলেছেন, "বেনজির ভুট্টো নিরাপদে আছেন। তাকে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, এটি ছিল আত্মঘাতী হামলা এবং হামলাকারীদের লক্ষ ছিল বেনজিরকে বহনকারী ট্রাক।"
বেনজিরের ট্রাকের ঠিক পেছনের ট্রাকে দাঁড়িয়ে থাকা রয়টার্সের আলোকচিত্রী আতহার হোসেন বলেন, "দেখে মনে হলো যেন বাতাসে একটি আগুনের গোলা বিস্ফোরিত হয়েছে। প্রথমটির পর পরই তার চেয়েও শক্তিশালী আরেকটি বিস্ফোরণ ঘটলে আমি বুঝতে পারি, এটা একটা বোমা হামলা।"
"চারদিকে বিস্ফোরণের আঘাতে ছিন্নভিন্ন দেহাবশেষ। আর সাহায্যের জন্য আহতদের চিৎকার"- হামলার ঠিক পরমুহূর্তের চিত্র এভাবেই তুলে ধরেন আতহার। তিনি নিজেও খানিকটা আহত হন। তার সামনেই একটি টেলিভিশন চ্যানেলের এক জন ক্যামেরা ম্যান নিহত হন বলে আতহার জানান।
বেনজিরের সঙ্গে ট্রাকে থাকা তার সহচর রেহমান মালিক জানান, তিনি (বেনজির) যখন গাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন তখনই বোমা হামলা হয়।
ভুট্টোর নিরাপত্তার জন্য সরকার প্রায় ২০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছিল। এ সত্ত্বেও দেশে ফেরামাত্রই সন্ত্রাসীদের মারণ ছোবলে ছিন্নভিন্ন হয়েছে তার অনেক সমর্থকের দেহ।
প্রাদেশিক গভর্নর ইশরাত-উল-ইবাদ ডন টেলিভিশনকে বলেন, "দুঃখজনকভাবে, সন্ত্রাসীরা হামলা চালানোর সুযোগ পেয়ে যায়।"
পুলিশের শল্যচিকিৎসক ড. এজাজ আহমেদ জানান, ৮৪টি মৃতদেহ নগরীর তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্সের সাংবাদিক অন্য একটি হাসপাতালে আরও ৩৯টি মৃতদেহ গুণেছেন।
বোমা হামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মনজুর মুঘল শুক্রবার রয়টার্সকে বলেন, "আমরা সন্দেভাজন এক হামলাকারীর মাথাটি উদ্ধার করতে পেরেছি। তার ডিএনএ পরীক্ষা করা হবে।"
তিনি জানান, প্রথমে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয় এবং এর পরপরই বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।
হামলায় ১৫ থেকে ২০ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয় বলে মনজুর মুঘলের ধারণা।
এ বোমা হামলার আগে ভুট্টোর দেশে ফেরা নিয়ে পাকিস্তানের জঙ্গি অধুষ্যিত ওয়াজিরিস্তান অঞ্চলের তালেবান কমান্ডার হাজি ওমর স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে বলেছিলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তার (বেনজিরের) চুক্তি আছে। পারভেজ মুশাররফের মতো আমরা তার ওপরও হামলা চালাব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/এএমটি/১৩২৯ ঘ.
bdnews24