২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক চায় কুর্দি বিদ্রোহীরা তাড়াতাড়ি চলে যাক : পররাষ্টমন্ত্রী

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি বৃহস্পতিবার বলেছেন, ইরাক চায় কুর্দি বিদ্রোহীরা যত তাড়াতাড়ি সম্ভব ইরাক ছেড়ে চলে যাক। এদিকে তুরস্কের পার্লামেন্ট ইরাক অভিযানের অনুমতি দেওয়ার প্রতিবাদে ইরাকের কুর্দিস্তান প্রদেশের রাজধানী আরবিলে জাতিসংঘ অফিসের সামনে বিক্ষোভ করেছেন হাজার হাজার কুর্দি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 05:30 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বাগদাদ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি বৃহস্পতিবার বলেছেন, ইরাক চায় কুর্দি বিদ্রোহীরা যত তাড়াতাড়ি সম্ভব ইরাক ছেড়ে চলে যাক। এদিকে তুরস্কের পার্লামেন্ট ইরাক অভিযানের অনুমতি দেওয়ার প্রতিবাদে ইরাকের কুর্দিস্তান প্রদেশের রাজধানী আরবিলে জাতিসংঘ অফিসের সামনে বিক্ষোভ করেছেন হাজার হাজার কুর্দি। হোসিয়ার জেবারি এক সাক্ষাতকারে রয়টার্সকে বলেন, "আমি আশা করছি তুরস্ক ইরাকে অভিযান চালাবে না। তারপরও যদি তারা সে পদক্ষেপ নিতে চায় তাহলে তা বিমান হামলায় সীমাবদ্ধ থাকবে এবং তাদের লক্ষ্য হবে শুধু কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) অবস্থান।" তিনি বলেন, "পিকেকে ইরাক সরকার বা কুর্দিস্তান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে অবস্থান করছে না। সরকার পিকেকেসহ অন্য সকল সশস্ত্র গ্র"পকে ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে।' ইরাক ত্যাগের জন্য সরকার তাদের কোনো সময়সীমা বেধে দিয়েছে কিনা জানতে চাইলে জেবারি বলেন "যত দ্রুত সম্ভব তারা চলে যাক।" তুরস্কের পার্লামেন্ট সরকারকে ইরাকে সেনা অভিযান চালানোর অনুমতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, "তাদের সিদ্ধান্তে ইরাক সরকার স্বস্তি বোধ করছে না।" তুরস্কের পার্লামেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ইরাকের কুর্দিস্তানে বিক্ষোভ করেছেন হাজার হাজার কুর্দি। আরবিলে জাতিসংঘ অফিসের সামনে বিক্ষোভকারীদের অধিকাংশ ছিল ছাত্র। বিক্ষোভে তারা ইংলিশ, কুর্দি, তুর্কি ও আরবি ভাষায় লেখা ব্যানার বহন করেন। তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান। কুর্দিস্তান সরকার এক বিবৃতিতে বলে, "কোনো রকম সামরিক অভিযান না চালানোর জন্য আমরা প্রতিবেশী তুর্কির প্রতি আহ্বান জানিয়েছি। তুরস্কের সঙ্গে আমরা কোনো সংঘাত চাই না। প্রতিবেশীর ওপর হামলার জন্য আমরা আমাদের ভূমি কাউকে ব্যবহার করতে দেব না।" ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেশে চাপের মুখে আছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। প্রায় তিন হাজার কুর্দি গেরিলা তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে বলে দাবি করে আসছে তুর্কি সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩০০ ঘ.