কায়রো, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলী বাবাকান বৃহস্পতিবার জানিয়েছেন, কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার দেশ কোনো দ্বিধা করবে না। তুরস্কের এই প্রতিজ্ঞা যাচাই করে না দেখার জন্য তিনি কুর্দি বিদ্রোহিদের সতর্ক করে দিয়েছেন।
কায়রোয় মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে সাক্ষাৎ শেষে বাবাকান সাংবাদিকদের বলেন, "সন্ত্রাসিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তুরস্ক প্রতিশ্র"তিবদ্ধ। এটা নিশ্চিত এবং এ ব্যাপারে কোনো দ্বিধা করা হবে না।"
নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির নাম উল্লেখ না করলেও তাদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, "আমরা আশা করছি, কেউ তুরস্কের এই প্রতিজ্ঞা যাচাই করে দেখার চেষ্টা করবে না।
গত বুধবার তুরস্কের পার্লামেন্ট উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সরকারকে সেনা অভিযানের অনুমতি দেওয়ার একদিন পর পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন। তবে ইরাকে অভিযান না চালানের জন্য তুরস্কের প্রতি একের পর এক আহ্বান জানিয়ে আসছে ইরাক সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রও তুরস্ককে এই অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
আলী বাবাকান বলেন, "কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাক সরকার ও মার্কিন প্রশাসন ব্যর্থ হয়েছে। সমস্যা দিন দিন বাড়ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পার্লামেন্ট সরকারকে দিয়েছে।"
তবে বুধবার ইরাক সরকার প্রতিশ্র"তি দিয়েছে, তারা কুর্দি বিদ্রোহিদের ইরাক ভূখণ্ড ব্যবহার করে তুরস্কে হামলা চালাতে দেবে না।
ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেশে চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান।
প্রায় তিন হাজার কুর্দি গেরিলা তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে বলে দাবি করে আসছে তুর্কি সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.
bdnews24