সিউল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভয়াবহ বন্যায় ফসলহানি ও কৃষি জমির ব্যপক ক্ষতি হওয়ায় এ বছর দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান একথা জানিয়েছে।
কোরিয়া রুরাল ইকনোমিক ইন্সস্টিটিউ (কেআরইআই) নামের দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি গবেষণার ভিত্তিতে জানায়, "উত্তর কোরিয়ার খাদ্যের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। কাজেই এখন সরবরাহ বৃদ্ধির জন্য কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে না পারলে আগামী বছর ৯০এর দশকের শেষের দিককার মতো হতে পারে।"
কিছু হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ায় ৯০ এর দশকের দুর্ভিক্ষে দেশটির শোয়া দুই কোটি মানুষের প্রায় ১০ শতাংশ মারা গিয়েছিল। বন্যা, খরা ও বছরের পর বছর খাদ্যে অব্যবস্থাপনার কারণে সেই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
কেআরইআই জানায়, "এই মুহুর্তে উত্তর কোরিয়ার খাদ্য সংকট প্রায় ১৪ লাখ টন। এ বছর বন্যায় দেশটির কৃষি সেক্টরের প্রায় ২৭৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।'
উত্তর কোরিয়া জানিয়েছে, গত আগস্টের ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬০০ মানুষ মারা গেছে এবং বাস্তুহারা হয়ে প্রায় তিন লাখ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায় এ বারের বন্যা ১১ শতাংশের বেশি কৃষি জমির ফসল ভাসিয়ে নিয়ে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫৩ঘ.
bdnews24