ব্যাংকক, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিপীড়নমূলক রাষ্ট্রনীতি এবং অকার্যকর বাজার ব্যবস্থার কারণে সামরিক জান্তা শাসিত মিয়ানমারে ৫০ লাখ লোকের পর্যাপ্ত খাবার নেই। অথচ এই মিয়ানমারই একসময় ছিল এশিয়ায় খাদ্য উদ্বৃত্তের দেশ। বিশ্ব খাদ্য সংস্থা 'ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম' (ডব্লিউএফপি) বুধবার একথা বলেছে।
মিয়ানমারে গণতান্ত্রিক বিক্ষোভ দমনাভিযানের আগে ইয়াঙ্গুনে ৫ দিনের এক সফর থেকে ফিরে ডব্লিউএফপি'র আঞ্চলিক পরিচালক টনি বানবারি বলেন, "মিয়ানমারের মতো একটি খাদ্য উদ্বৃত্তের দেশে কেউই ক্ষুধার্ত থাকার কথা নয়। অথচ আজ এখানে লাখ লাখ লোক অনাহারে রয়েছে।"
তিনি বলেন, "মিয়ানমার ছিল এ অঞ্চলের খাদ্যের ঝুড়ি। ফলে খাদ্য উদ্বৃত্ত রাখতে মিয়ানমারের কোনো বেগ না পাওয়ারই কথা। কিন্তু সেই দেশটিই এখন জনগণের প্রয়োজন মতো খাবার সরবরাহ করতে পারছে না।" ডব্লউএফপি'র ত্রাণ কার্যক্রমের জন্য আরও অর্থ সাহায্যের আবেদন জানিয়ে বানবারি একথা বলেন।
মিয়ানমারে এ মুহূর্তে কয়েকটি ত্রাণ সংস্থার মধ্যে একটি জাতিসংঘ সংস্থাকে কাজ করার অনুমতি দিয়েছে জান্তা সরকার। এই সংস্থাটি ৫ লাখ লোককে খাদ্য সরবরাহের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের হিসাব মতে ৫০ লাখ লোক অর্থাৎ, জনসংখ্যার প্রায় ১০ শতাংশ খাদ্য ঘাটতির ঝুঁকির মুখে রয়েছে।
বানবারি জানান, "অপর্যাপ্ত তহবিল এবং সামরিক শাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় মিয়ানমারে চাল আমদানীও প্রয়োজনের তুলনায় কমে অর্ধেকে নেমে এসেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৪ঘ.
bdnews24