২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার দেশে ফিরতে প্রস্তুত বেনজির

পরিকল্পনামাফিক ১৮ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জানুয়ারীতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিতে বেনজির দেশে ফিরছেন। দেশে ফেরার প্রাক্কালে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে বেনজির বলেন, বৃহস্পতিবার এতক্ষণে তিনি করাচিগামী বিমানে থাকবেন। আর এটিই হবে সেইদিন যেদিনটিতে পাকিস্তানের গণতন্ত্রকামী এবং মৌলিক মানবাধিকারে বিশ্বাসী জনগণ তার আগমনের অপেক্ষায় থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 09:32 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

দুবাই, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পরিকল্পনামাফিক ১৮ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জানুয়ারীতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিতে বেনজির দেশে ফিরছেন। দেশে ফেরার প্রাক্কালে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে বেনজির বলেন, বৃহস্পতিবার এতক্ষণে তিনি করাচিগামী বিমানে থাকবেন। আর এটিই হবে সেইদিন যেদিনটিতে পাকিস্তানের গণতন্ত্রকামী এবং মৌলিক মানবাধিকারে বিশ্বাসী জনগণ তার আগমনের অপেক্ষায় থাকবে। দেশের মাটিতে পা দিয়েই লাখ লাখ লোকের অভিনন্দন পাওয়ার আশা করছেন বেনজির। যারা পিপিপি'র লাল, কালো, সবুজ ব্যানার হাতে তাকে স্বাগত জানাতে আসবে। ১৯৯৬ সাল থেকে ক্ষমতায় না থাকলেও ৫৪ বছর বয়স্ক ক্যারিশম্যাটিক নেত্রী বেনজির এখনও বিশ্বে সর্বজনস্বীকৃত নারী রাজনীতিবিদ। তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন এবং নারী হিসাবে প্রথম এই মুসলিম দেশটির নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তানের সর্ববৃহৎ বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেত্রী বেনজির ইতোমধ্যেই প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দেরিতে দেশে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেশে ফিরলে পাকিস্তানের তালেবান জঙ্গিদের কাছ থেকে পাওয়া প্রাণনাশের হুমকিও বেনজির অগ্রাহ্য করেছেন। দেশে ফেরার ব্যাপারে বেনজিরের এই অটল অবস্থান মুশাররফের জন্য বিব্রতকর। কারণ, বেনজির একইসঙ্গে মুশাররফের প্রতিদ্বন্দ্বী আবার সম্ভাব্য রাজনৈতিক মিত্রও। বেনজির প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে নির্বাচন-পরবর্তী ক্ষমতা ভাগাভাগি চুক্তি করতে পারেন বলে পাকিস্তানে জোর জল্পনা চলছে। বুধবার বেনজির জঙ্গিবাদের বিরুদ্ধে মুশাররফের সঙ্গে কাজ করার ব্যাপারে মতভেদ মিটিয়ে ফেলার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে বেনজির বলেন, " পকিস্তানের ভবিষ্যৎ যে ঝুঁকির মুখে-- একথা দুপক্ষই স্বীকার করবে বলে তিনি মনে করেন। বেনজির আরও বলেন, তিনি ইতোমধ্যেই পাকিস্তানি এবং আরব জঙ্গিদের কাছ থেকে তার প্রাণনাশের হুমকি পেয়েছেন। কিন্তু আত্মঘাতী বোমা হামলাকারীরা নারীর ওপর হামলা করলে দোযখে যাবে বলে তিনি সতর্ক করে দেন। কারণ, নারীর ওপর হামলা মানে ইসলামিক আইন লঙ্ঘন করা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৭ঘ.