বেইজিং, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও তাইওয়ানকে আলোচনায় বসে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সোমবার বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির ১৭তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি এই আহ্বান জানান।
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে বিরত থাকার জন্য তাইওয়ানকে সতর্ক করে দিয়ে জিনতাও বলেন, "এক চীন নীতির ভিত্তিতে আলোচনায় বসার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে তাদের আহ্বান জানাচ্ছি। এতে দুই পক্ষের মধ্যে শত্র"তা বন্ধ করে শান্তি চুক্তিতে পৌঁছানো যাবে।"
জিনতাওয়ের পূর্বসূরিরা যেভাবে তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে গেছেন, তিনি সে পথে গেলেন না। চীন এর আগেও তাইওয়ানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ১৯৯৯ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট লি তেং-হুই দাবি করেন, দুই পক্ষের মধ্যে আলোচনা করতে চাইলে তাইওয়ানকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। এরপর থেকে আলোচনার বিষয়টি আর ওঠেনি।
১৯৪৯ সালে গৃহযুদ্ধে হেরে যাওয়ার পর বিপ্লবী নেতা চিয়াং কাইশেক তাইওয়ানে পালিয়ে যান। এরপর থেকে তাইওয়ান স্বাধীনতা দাবি করে আসলেও চীন দ্বীপটির ওপর তাদের স্বার্ভভৌমত্ব দাবি করে।
তাইওয়ানের ক্ষমতাসীন ডেমক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রতি ইঙ্গিত করে হু জিনতাও বলেন, "তাইওয়ানের যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যে কোনো বিষয়ে মতবিমিময়, সংলাপ, আলোচনা ও পরামর্শের জন্য আমরা প্রস্তুত। তবে তাদের অবশ্যই স্বীকার করতে হবে দুই পক্ষই এক চীনের অন্তর্ভূক্ত।"
কিন্তু তাইওয়ান সরকারের মেইনল্যান্ড অ্যাফেয়ারস কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তারাও আলোচনায় আগ্রহী। তবে জিনতাও যদি দাবি করেন তাইওয়ান চীনের অংশ তাহলে আলোচনা সম্ভব নয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১৫ ঘ.
bdnews24