২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের প্রধানমন্ত্রী শোয়ে উইন মারা গেছেন

মিয়ানমারের প্রধানমন্ত্রী জেনারেল শোয়ে উইন ইয়াঙ্গুনের একটি সামরিক হাসপাতালে শুক্রবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 05:04 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের প্রধানমন্ত্রী জেনারেল শোয়ে উইন ইয়াঙ্গুনের একটি সামরিক হাসপাতালে শুক্রবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। মিয়ানমারের সরকারি রেডিও জানায়, শোয়ে উইন শুক্রবার ইয়াঙ্গুনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। উইনের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। সিঙ্গাপুরে কয়েক মাস চিকিৎসার পর চলতি মাসের প্রথম দিকে তিনি দেশে ফেরেন। এই সপ্তাহের প্রথম থেকেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। গত মে মাস থেকে থেইন সিইন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবিসির পূর্ব এশিয়া বিষয়ক বিশ্লেষক স্টিভ জ্যাকসন জানান, শোয়ে উইন মিয়ানমারের সামরিক জান্তার খুবই বিশ্বস্ত ছিলেন। বিশেষ করে বিরোধীদের দমনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। কূটনীতিক ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র বহরের ওপর ২০০৩ সালে রক্তক্ষয়ী হামলার তিনিই ছিলেন পরিকল্পনাকারী। ওই ঘটনার পর থেকে সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে। শোয়ে উইন মিয়ানমার সেনাবাহিনীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ও বিমানবাহিনীর প্রধান ছিলেন। ২০০৪ সালে প্রধানমন্ত্রী খিন নুয়ান্তকে বরখাস্ত করার পর তিনি তার স্থলাভিসিক্ত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি