কুতা, ইন্দোনেশিয়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিহতদের প্রতি শ্রদ্ধা আর হত্যাকারীদের প্রতি ঘৃনা ও দ্রুত ফাঁসির দাবি জানানোর মধ্য দিয়ে শুক্রবার বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলার পঞ্চম বার্ষিকী পালন করল ইন্দোনেশিয়া।
২০০২ সালের ভয়াবহ ওই বোমা হামলায় কেঁপে ওঠে বালি দ্বীপের কুতার কেন্দ্রস্থলের সারি ক্লাব ও প্যাডি'স পাব। হামলায় নিহত হয় ২০২ জন লোক। তাদের স্মরণে সেখানে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে ফুল ও ভালবাসার মানুষটির ছবি রেখে শুক্রবার শ্রদ্ধা জানিয়েছেন কয়েক ডজন লোক।
ভয়াবহ ওই হামলায় নিহতদের স্বজনদের পাশাপাশি প্রাণে বেঁচে যাওয়ারাও সেখানে এসেছিলেন নিহতদের শ্রদ্ধা জানাতে। বিস্ফোরণে নিহত সারি ক্লাবের এক নিরাপত্তারক্ষীর স্ত্রী ওয়েন রাসনি তার তিন সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। অশ্র"সিক্ত কণ্ঠে তিনি বলেন, "ওই ঘটনা মনে করে আমার হৃদয় এখনো ভেঙ্গে যায়। আমার স্বামীকে যখন মনে পড়ে এবং তাকে যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি খুবই দুঃখ পাই।"
তিনি বলেন, "আমি আশা করি অপরাধীদের দ্রুত ফাঁসি দেওয়া সম্ভব। কেন তাদেরকে এখনও ফাঁসি দেওয়া হয়নি?"
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশটির ওই বোমা হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমাম সামুদ্র, আমরোজি ও আলী গুফরান নামের তিন মুসলিম জঙ্গির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা ঝুলে আছে।
আইনজীবীদের মাধ্যমে এক বিবৃতিতে ওই তিন জঙ্গি বলেছে, তাদের মৃত্যু "বিশ্বাসীদের জন্য আলো এবং অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত জাহান্নামের আগুন" বয়ে আনবে।
২০০২ সালের ওই বোমা হামলায় নিহত ১৬৪ জন বিদেশির মধ্যে ৮৮ জনই ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। বালিতে অস্ট্রেলিয়ান কনস্যুলেটে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি গ্রেগ হান্ট বলেন, "এই নৃশংস কাজ যারা করেছে তাদের প্রতি আমাদের বার্তা পরিষ্কার। তোমরা বিজয়ী হবে না। তোমরা সফল হবে না।"
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বালি বোমা হামলার পর ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24