নয়া দিল্লি, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে আগানোর চেয়ে ক্ষমতার মেয়াদ পূর্ণ করার ওপরই বেশী জোর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। চুক্তিটি নিয়ে মিত্র বামপন্থী দলগুলোসহ বিরোধী রাজনৈতিক শিবিরের প্রবল বিরোধিতার মুখে কংগ্রেস সরকারের অস্থিতিশীলতা এবং আগাম নির্বাচনের ঝুঁকির মুখে মনমোহন এই অবস্থান জানান দিলেন। রাজধানী নয়াদিল্লিতে এক সেমিনারে শুক্রবার তিনি এ ইঙ্গিত দেন।
মনমোহন সিং বলেন, "আমরা একটি মাত্র ইসুর - সরকার নই।"
তিনি বলেন, "আমরা অনেক কিছুতে পরিবর্তন আনতে পেরেছি। তবে এটা সত্যি যে এখন চুক্তিটি না হলে তা হবে হতাশাজনক। কিন্তু এখানেই জীবনের শেষ নয়।"
কংগ্রেস সরকারের মেয়াদ পূর্ণ করা প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন এখনও অনেক দূরে। এ সরকারের মেয়াদ পূর্ণ করতে এখনো দেড় বছর বাকী।"
তিনি বলেন, "এটা আমার ইচ্ছা এবং আশা যে আমরা পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকব।"
পরমাণু চুক্তি নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকটের পরও তিনি আশাবাদী কি না-- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি অবশ্যই আশাবাদী।"
মনমোহন বলেন, "আমাদের অনেক কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে।"
ভারতের পরবর্তী নির্বাচন ২০০৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বিরোধিতার কারণে কংগ্রেসের বামপন্থী মিত্ররা পার্লামেন্ট থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেওয়ায় দেশটিতে আগাম নির্বাচনের আলোচনা সামনে চলে আসে।
এদিকে, যুক্তরাষ্ট্রে আগামী বছরেই নির্বাচন হওয়ায় বুশ প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান মার্কিন কংগ্রেস থেকেই চুক্তিটির চূড়ান্ত অনুমোদন নিয়ে নিতে চাইছে হোয়ইট হাউস। আর সে লক্ষ্যে ভারতকে দ্রুত বিষয়টি চূড়ান্ত করতে চাপ দিচ্ছে তারা।
অন্যদিকে, ভারতে মনমোহনের কংগ্রেস সরকারের গুরুত্বপূর্ণ মিত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন বামপন্থী জোট একে দেশের পরমাণু সার্বভৌমত্বের বিরোধী বলে এ চুক্তির বিরোধিতা করে আসছে এবং প্রয়োজনে সরকার থেকে তাদের সমর্থন তুলে নেওয়ারও হুমকি দিয়ে আসছে।
বামপন্থীরা বলছেন, এমন একটি জাতীয় চুক্তি অবশ্যই পার্লামেন্টে অনুমোদিত হওয়া উচিত। ফলে আগামী পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত চুক্তির প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৪৮ ঘ.
bdnews24