জাতিসংঘ, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে গণবিক্ষোভ দমাতে হত্যাযজ্ঞ চালানো এবং গণগ্রেপ্তারসহ দমন-পীড়ন চলতে থাকায় সামরিক জান্তার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে অবিলম্বে সব রাজনৈতিক বন্দির মুক্তি দিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়ে মিয়ানমার জান্তার সরাসরি নিন্দা জানাল চীন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে এক বিবৃতিতে ওই নিন্দা জানানো হয়।
নিরাপত্তা পরিষদের এ বিবৃতিটির কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে এটি এ পরিষদের আনুষ্ঠানিক নীতি নির্ধারনী বিবৃতি হওয়ায় এতে ১৫টি স্থায়ী সদস্যের পূর্ণ সমর্থন প্রয়োজন হয়। কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদের এ ধরনের সর্বসম্মত সিদ্ধান্তের কারণে এখন অনেকটাই কোনঠাসা হয়ে পড়লো মিয়ানমার।
চীনের সমর্থন পাওয়ার পর এবারই প্রথম মিয়ানমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানাতে পারল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খসড়া বিবৃতিটিকে সংশোধন করে কিছুটা নমনীয় করা হলেও এ বিবৃতিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধী নেত্রী অং সান সু চি'র সঙ্গে একটি 'সত্যিকারের সংলাপে' বসার আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, "মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার কঠোর নিন্দা জানাচ্ছে নিরাপত্তা পরিষদ।"
রাজনৈতিক বন্দি মুক্তির প্রশ্নে বলা হয়, " অবিলম্বে সব রাজনৈতিক বন্দি এবং বাকী আটককৃতদের মুক্তির গুরুত্বের ওপর জোর দিচ্ছে নিরাপত্তা পরিষদ।"
"মিয়ানমারে জাতীয় সংহতি অর্জনের লক্ষ্যে অং সান সু চি এবং সংশ্লিষ্ট সব দল ও জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে একটি সত্যিকার রাজনৈতিক সংলাপ শুরু করতে মিয়ানমার সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছে নিরপত্তা পরিষদ।"
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি আগামী সপ্তাহের শুরুতে এশিয়া সফরে যাবেন। সেসময় তিনি আবারও মিয়ানমারে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। গত মাসের শেষে হত্যাযজ্ঞ চালিয়ে ভিক্ষু-জনতার বিক্ষোভ দমনের পরপর তিনি মিয়ানমারে যান এবং জান্তা প্রধান জেনারেল থান শ'সহ উর্ধ্বতন সামরিক কর্মকতাদের সঙ্গে দেখা করেন। তিনি তখন ইয়াঙ্গুনে বিরোধী নেত্রী সু চি'র সঙ্গেও দু'দফা বৈঠক করেন।
এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, মিয়ানমারে পরিবর্তনের জন্য জাতিসংঘ তার " নৈতিক অবস্থান" থেকে চেষ্টা চালিয়ে যাবে। পিবিএস টেলিভিশনের 'নিউজ আওয়ার উইথ জিম লেহরার' অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি একথা বলেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, "ওই অঞ্চলের এবং বিশ্ব নেতৃবৃন্দের সম্ভাব্য সব ধরনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগানোর চেষ্টা চলিয়ে যাচ্ছি আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24