বাগদাদ, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের ওপর চালানো হয়েছিল ওই বিমান হামলা এবং তাতে ১৯ জঙ্গি নিহত হয়েছে।
মার্কিন এ বিমান হামলা এমন দিনে চালানো হয় যেদিন জাতিসংঘ ইরাক ইস্যুতে তাদের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনে বিমান হামলায় এবং স্থল সেনাদের হাতে বেসামরিক লোক হত্যার তদন্ত করতে এবং তা জনসম্মুখে প্রকাশ করতে মার্কিন সেনাবাহিনীকে আহ্বান জানায়।
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বেসামরিক লোকদের হত্যা করে যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গত মাসে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার সংশ্লিষ্ট গোলাগুলির ঘটনায় ১৭ ইরাকির নিহত হওয়ার পর বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে জোরাল দাবি উঠেছে ইরাকে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর ওপর কড়াকড়ি আরোপের।
এদিকে, ইরাকি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ভয়াবহ এক গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং এক ট্রাফিক পুলিশসহ ৫০ জন আহত হয়েছেন। এছাড়া, রাজধানী বাগদাদের একটি ইন্টারনেট ক্যাফেতে চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আটজন।
উল্লেখ্য, ইরাকে আল কায়েদা জঙ্গিরা মার্কিন সেনাদের সঙ্গে কর্তব্যরত ইরাকি পুলিশ এবং সুন্নি আরব আদিবাসী নেতাদের ওপর হামলা জোরদার করার হুমকি দিয়েছে। আর এ সপ্তায় ইরাকের উত্তরাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষীবাহিনীর কর্মকর্তা এবং আদিবাসী নেতাদের ওপর বেশ কয়েক দফা হামলা হয়েছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৫ ঘ.
bdnews24