২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতাহর সঙ্গে আলোচনা চায় হামাস, গাজা ছাড়ার ইঙ্গিত

ফিলিস্তিনের মুসলিম গেরিলা দল হামাস বুধবার বলেছে, তারা ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ সংগঠনের সঙ্গে সংহতি আলোচনায় বসতে চায়। একইসঙ্গে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। গত জুনে গাজা দখল করে হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 11:35 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

গাজা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনের মুসলিম গেরিলা দল হামাস বুধবার বলেছে, তারা ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ সংগঠনের সঙ্গে সংহতি আলোচনায় বসতে চায়। একইসঙ্গে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। গত জুনে গাজা দখল করে হামাস। এদিকে, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির চেষ্টারত ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত হামাসের সঙ্গে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। একইসঙ্গে সংহতি আলোচনার জন্য তার কর্তৃপক্ষের সঙ্গে হামাসকে পুনরায় মিলিত হওয়ার শর্ত দিয়েছেন আব্বাস। আব্বাসের বাতিল ঘোষিত ফিলিস্তিনের সাবেক সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, "ফিলিস্তিন আলোচনা নিয়ে তোড়জোর চলছে এবং আরব দেশগুলোর একটির রাজধানীতে ফাতাহ'র সঙ্গে আলোচনায় বসতে আমরা রাজি।" হামাসপন্থি একটি ওয়েব সাইটে প্রচারিত এক আর্জেন্ট বুলেটিনে হানিয়া বলেন, "গাজায় আমাদের প্রশাসন অস্থায়ী।" তিনি বলেন, ঈদুল-ফিতর এর পর আলোচনা হতে পারে। রমজানের শেষে শুক্র বা শনিবার ঈদুল-ফিতর উদযাপিত হতে পারে। এদিকে, হামাস-ফাতাহ এর মধ্যে মধ্যস্থতাকারী এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তায় কায়রোয় আলোচনা হতে পারে। তবে আব্বাসের একজন ঘনিষ্ঠ উর্ধ্বতন সহযোগী আহমেদ আবদেল-রহমান আলোচনা নির্ধারিত হওয়ার কথা অস্বীকার করেছেন। আব্বাসের সহযোগীর পাশাপাশি ফাতাহ সংগঠনের মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করছেন আহমেদ আবদেল-রহমান। রয়টার্সকে তিনি বলেন, "এ ধরনের কোনো আলোচনার বিষয়ে আমরা কিছু শুনিনি।" তিনি বলেন, হামাস চাচ্ছে "গাজায় একটি মিথ্যা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে। যাতে তারা বলতে পারে আলোচনার পরামর্শদাতা ছিল তারা এবং ফাতাহ তা প্রত্যাখ্যান করেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৪ ঘ.