কলম্বো, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার উত্তরাঞ্চলে সংঘর্ষে ১৩ তামিল টাইগার নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার শ্রীলংকা সেনাবহিনীর এক মুখপাত্র জানান, জাফনা ও মানার জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জাফনায় টাইগাররা মঙ্গলবার ফরোয়ার্ড ডিফেন্স লাইনে আক্রমণের চেষ্টা করলে সেনাদের গুলিতে ১০ এলটিটিই ক্যাডার নিহত হন।
তিনি আরও জানান, মানারে সংঘর্ষে নিহত হন দুই টাইগার গেরিলা। এ সময় তিন সেনা সদস্য আহত হন।
সেনাবাহিনী আরও জানায়, পূর্বাঞ্চলীয় আম্পারা জেলায় গেরিলাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর তারা এক তামিল বিদ্রোহীর মৃতদেহ উদ্ধার করেছে।
বিদ্রোহীদের নিহত হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য তাৎক্ষণিকভাবে এলটিটিই'র সঙ্গে যোগযোগ করা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বছরের প্রথম দিকে মানারের বনাঞ্চল থেকে বিদ্রেহীদের হটানোর পর মানারকে বিদ্রোহীমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে শ্রীলংকান সেনাবাহিনী।
তামিল গেরিলাদের সঙ্গে যুদ্ধে ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত শ্রীলংকায় প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি১৭৪১ঘ.
bdnews24