আবুধাবি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসীদের অর্থ সহায়তা দেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে সংযুক্ত আরব আমিরাত সেদেশে ১৭টি ব্যাংক হিসাব জব্দ করেছে। এ সব হিসাবে মোট ১৩ লাখ ডলার রয়েছে।
আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং বিরোধী ইউনিটের প্রধান আবদুল রহিম আল আবাদি বলেন, "জাতিসংঘ প্রস্তাব অনুসারে কিছু হিসাব জব্দ করা হয়েছে।"
তিনি রয়টার্সকে বলেন, "জাতিসংঘের বিশেষ কমিটিতে জব্দ করা হিসাবগুলোর কাগজপত্র পাঠানো হয়েছে।"
সন্দেহভাজন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী আল কায়েদা ও তালেবানবিরোধী নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা ঠিক করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি কমিটি রয়েছে। জাতিসংঘ এ ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করতে বলেছে সব সদস্য দেশকে।
এ তালিকায় ১৪২ তালেবান সহযোগি, ২২৩ ব্যক্তি ও আল কায়েদার সঙ্গে জড়িত ১২৪টি প্রতিষ্ঠান রয়েছে। আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে দুবাইভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ওই তালিকায় আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০১৪১ ঘ.
bdnews24