খার্তুম, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দারফুরের হাসকানিতা বিদ্রোহী শহরে সুদানের সেনাবাহিনী ১০৫ জনকে হত্যা করেছে বলে দাবি করেছেন এক বিদ্রোহী নেতা সুলহেইম জামোস। সেনাবাহিনী গত সপ্তাহে এ শহরটি দখল করে নেয়। ওই এলাকায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের ওপর বড় ধরনের এক হামলার পর সুদান বাহিনী শহরটি দখল করে।
সুদান লিবারেশন আর্মির শ্রদ্ধেয় সমন্বয়ক জামোস বলেন, সুদান সরকার ও তাদের অনুগত মিলিশিয়ারা দারফুরের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর হাসকানিতায় বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েছে।
শহরটির কেবল একটি মসজিদ আর স্কুল ছাড়া গোটাটাই পুড়ে গেছে বলে নিশ্চিত করে জানিয়েছে জাতিসংঘ বাহিনী। শহরের ৭ হাজার অধিবাসীর বেশির ভাগই পালিয়ে গেছে। জামোস সোমবার রয়টার্সকে বলেন, "শেষ নিহতের সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৫ জনে। আর অনেকেই ঝোপঝাড়ে আটকা পড়েছেন। তারা তৃষ্ণায় মারা যেতে পারেন। তাদের পানয়ি প্রয়োজন।"
হাসকানিতা শহরের কাছে আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে হামলা হয় গত ২৯ সেপ্টেম্বর। এতে ১০ সেনা নিহত হয়। আফ্রিকান ইউনিয়ন সরকারকে ওই জায়গা নিরাপদ করে দিতে বলে। যাতে তারা নিরাপদে সেখান থেকে সরে যেতে সক্ষম হয়। সুদান সরকারের দাবি এইউ ঘাঁটির কাছে গোলাগুলি হয়েছিল এবং তা তারা নিয়ন্ত্রণেও এনেছে। কিন্তু জাতিসংঘ বাহিনী ঘটনাকে অতিরঞ্জিত করেছে বলে তারা অভিযোগ করে।
উল্লেখ্য, আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে হামলার জন্য সরকার এবং বিদ্রোহীরা একে অপরকে দায়ী করে আসছে। প্রাথমিকভাবে ৬০ জন শান্তিরক্ষী নিহত হয়। একজন ছাড়া আর সবাইকেই পরে পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ঘ.
bdnews24