২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালে ইরাক ছাড়তে পারে একলাখ মার্কিন সেনা: তালাবানি

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, ২০০৮ সালের শেষ নাগাদ ইরাক থেকে কমপক্ষে একলাখ মার্কিন সেনা দেশে ফিরতে পারে। একইসঙ্গে তিনি ইরাক থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার হওয়ার পর ইরাকের উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কমপক্ষে তিনটি মার্কিন সেনা ঘাঁটি রাখারও প্রস্তাব দিয়েছেন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন তালাবানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ওয়াশিংটন, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, ২০০৮ সালের শেষ নাগাদ ইরাক থেকে কমপক্ষে একলাখ মার্কিন সেনা দেশে ফিরতে পারে। একইসঙ্গে তিনি ইরাক থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার হওয়ার পর ইরাকের উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কমপক্ষে তিনটি মার্কিন সেনা ঘাঁটি রাখারও প্রস্তাব দিয়েছেন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন তালাবানি। সিএনএ টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে তালাবানি বলেন, "মার্কিন কমান্ডাররা যে গতিতে সেনা হ্রাস করার কথা জনসম্মুখে বলেছেন তার চেয়েও দ্রুত সেনাসংখ্যা হ্রাস করা সম্ভব।" অবশ্য তিনি বলেছেন, সেনা প্রত্যাহারের গতির বিষয়টি নির্ভর করছে কমান্ডারদের ওপর। তবে দ্রুত সেনা প্রত্যাহারের বিষয়টি তালাবানি কিভাবে আশা করছেন, সে সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি । যুক্তরাষ্ট্রে সফরকালে দেওয়া সাক্ষাৎকারে তালাবানি বলেন, "আমি মনে করি আগামী বছরের শেষ নাগাদ মার্কিন সেনাদের একটি বিরাট অংশ দেশে ফিরতে সক্ষম হবে। আগামী বছরের শেষ নাগাদ এক লাখের বেশি সেনা দেশে ফিরে আসতে পারবেন।" তবে কুর্দি বংশোদ্ভূত সাবেক গেরিলা নেতা তালাবানি বলেন, ইরাকের উত্তরে কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন না তিনি। কারণ, প্রতিবেশী দেশগুলো কখনওই এটা মেনে নেবে না। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির প্রশংসা করে তিনি বলেন, মালিকির সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও এর জন্য তিনি দায়ী নন। তিনি একজন স্বচ্ছ মানুষ।" প্রসঙ্গত, ইরাকে বর্তমানে এক লাখ ৬৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আর বিরোধী ডেমোক্রেট এবং ক্ষমতাসীন রিপাবলিকান দলের কিছু শীর্ষ নেতার চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত মাসে ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডারের এক পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। ওই পরিকল্পনায় ২০০৮ সালের মাঝামাঝি নাগাদ ইরাক থেকে ধারাবাহিকভাবে ২০ থেকে ৩০ হাজার সেনা প্রত্যাহারের কথা বলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৫ ঘ.