২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম নির্বাচন নাকচ করে চাপের মুখে ব্রাউন

আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। গণমাধ্যম, বিরেধিরা এমনকি তার মিত্ররাও সমালোচনা করে বলেছে, জনমত জরিপের ফলে ভয় পেয়ে তিনি আগাম নির্বাচন থেকে সরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

লন্ডন, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। গণমাধ্যম, বিরেধিরা এমনকি তার মিত্ররাও সমালোচনা করে বলেছে, জনমত জরিপের ফলে ভয় পেয়ে তিনি আগাম নির্বাচন থেকে সরে এসেছেন। গত কয়েক সপ্তাহ ধরে ব্রাউন আগাম নির্বাচনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। কিন্তু গত শুক্রবার তিনটি জনমত জরিপে দেখা যায়, বিরোধী কনজারভেটিভদের তুলনায় ব্রাউনের দল লেবার পার্টির জনপ্রিয়তা কমে আসছে। এরপর শনিবারই তিনি জানিয়ে দেন ব্রিটেনে আগাম নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। বামপন্থী 'ইনডিপেনডেন্ট' ও ডানপন্থী 'মেইল' দুটি পত্রিকায় কড়া ভাষায় ব্রাউনের ভীরুতার সমালোচনা করে রোববার প্রথম পৃষ্ঠায় সংবাদটির শিরোনাম দিয়েছে 'ব্রাউন বটলস ইট'। অন্যদিকে, ব্রাউনকে ব্যঙ্গ করে সানডে 'টাইমস' শিরোনাম দিয়েছে 'অল মাউথ অ্যন্ড নো ট্রাউজারস'। একইসঙ্গে পত্রিকাটি একটি কার্টূন ছেপেছে, যেখানে ব্রাউনের ট্রাউজার খুলে গোড়ালির কাছে ঝুলে আছে এবং তার আন্ডারওয়ারে একজন ডাক্তারের ছবি আঁকা। গত জুনে টনি ব্লেয়ারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর ব্রাউন বেশ গর্ব করে জানিয়েছিলেন, এখনই নির্বাচন দিলে তিনি জিতবেন। কিন্তু তিনি একটু সময় চেয়েছিলেন এই বলে যে "তার সরকারের নীতি নির্ধারণে একটু সময় লাগবে।" এর পর থেকেই গত তিন মাস ধরে আশা করা হচ্ছিল ব্রাউন হয়ত আগাম নির্বাচন দিতে পারেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, "সবচেয়ে সহজ কাজ যেটা এখন আমি করতে পারি, তা হলো নির্বাচন আহ্বান। এখুনি নির্বাচন হলেও আমরা জিতব, কিছুদিন পরে হলেও জিতব।" সে সময় তিনি আরও বলেছিলেন, "আমি মনে করি গোটা জাতির এটা জানার অধিকার আছে আমরা কি করতে যাচ্ছি এবং ভবিষ্যতে কি করব।" ক্ষমতা গ্রহণের কিছু দিন পরে জনমত জরিপে যখন দেখা যায় ব্রাউনের জনপ্রিয়তা ১১ শতাংশ বেড়েছে তার পর থেকেই আগাম নির্বাচনের সম্ভাবনা আরও জোরদার হয়। আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেওয়ায় বিরোধিরা ব্রাউনের তীব্র সমালোচা করেছে। কনজারভেটিভরা তার এই সিদ্ধান্তকে 'তার নিজের জন্যই অবমাননাকর' আখ্যা দিয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরুন বলেন, "তিনি ব্রিটিশ জনগণের সঙ্গে এমন আচরণ করছেন যেন তারা সবাই বোকা।" তিনি আরও বলেন, "সবাই জানে ব্রাউন আগাম নির্বাচন দেবেন না। কারণ তিনি নির্বাচনে পরাজয়ের ভয় পান। আমি মনে করি জনগণকে বোকা ভাবলে তার পতন হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৬ঘ.