ইসলামাবাদ, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় রোবাবার তালেবানপন্থী জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে ২০ সেনাসদস্য ও ৪৮ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা এ খবর জানান।
উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী শহরের কাছাকাছি সেনাবাহিনীর একটি বহরকে শনিবার রাতে জঙ্গিরা আক্রমণ করলে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জয়লাভের কায়েক ঘণ্টা পরে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর এ সংঘর্ষ হলো।
এক সেনা কর্মকর্তা জানান, সংঘর্ষ পাশ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোববার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত থাকে।
সেনা মুখপাত্র আরশাদ বলেন, শনিবার রাতে অঞ্চলটির প্রধান শহর মিরানশাহ এর ২৪ কিলোমিটার পূর্বের মীর আলী শহরে সেনাবাহিনীর একটি গাড়িবহরে জঙ্গিরা হামলা চালানোর পর এ অভিযান শুরু করা হয়।
এলাকাটির বাসিন্দারা জানিয়েছেন, এর আগে তার সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে দেখেছেন। তারা বলেন, মনে হচ্ছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল সেনাবাহিনী।
প্রসঙ্গত, গত জুলাই মাসে উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গিদের সঙ্গে একটি শান্তি চুক্তি ভেঙ্গে যাওয়ার এবং রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে কমান্ডো অভিযানের পর থেকে পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
এসব সহিংসতা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে মুশাররফের সমর্থনের প্রতি বিরোধিতায় আরও বেশি শক্তি সঞ্চয় করছে অনেক পাকিস্তানির মধ্যে।
মুশাররফ বলছেন, তার দেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন সেগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ। একইসঙ্গে তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতিরও আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/এফএইচবি/২১০৯ ঘ.
bdnews24