২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদে পশ্চিমা শক্তির খসড়া বিবৃতি

মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা প্রকাশ ও রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি খসড়া বিবৃতি বিতরণ করেছে পশ্চিমা শক্তিগুলো। একই সঙ্গে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য তারা মিয়ানমারের জান্তার প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

জাতিসংঘ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা প্রকাশ ও রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি খসড়া বিবৃতি বিতরণ করেছে পশ্চিমা শক্তিগুলো। একই সঙ্গে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য তারা মিয়ানমারের জান্তার প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি নিরাপত্তা পরিষদে প্রতিবেদন দাখিলের কয়েক ঘন্টা পর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এই বিবৃতি বিতরণ করলো। গাম্বারি তার প্রতিবেদনে মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামরিক জান্তাকে তাদের কর্মকাণ্ডের জন্য কঠোর পরিণতির হুমকি দেন। তিন স্থায়ী সদস্য তাদের খসড়া বিবৃতিতে বলেছে, মিয়ানমারে গণতন্ত্রপন্থিদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সামরিক সরকার যে দমন-পীড়ন চালিয়েছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তারা বিবৃতিতে দমনমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য জান্তার প্রতি আহ্বান জানান। নিরাপত্তা পরিষদে কোনো বিবৃতি গ্রহণ করতে হলে সব সদস্যের সম্মতি প্রয়োজন হয়। সেক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলোর এই বিবৃতি গৃহীত হতে হলে চীনেরও সম্মতি প্রয়োজন হবে। কিন্তু চীন মিয়ানমারের সামরিক জান্তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ বিয়ষ আখ্যা দিয়ে চীন আগেই জানিয়ে দিয়েছে, মিয়ানমারের বিষয়ে নিরাপত্তা পরিষদ যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায় তাহলে তারা বিরোধিতা করবে। প্রস্তাবনার মতো বিবৃতিরও কোনো আইনগত জোর নেই। তারপরও এই ধরনের কঠোর ভাষায় নিন্দা জানানো বিবৃতিতে যদি চীন সম্মতি দেয় তাহলে সেটা মিয়ানমার সরকারের জন্য খুবই গুরুত্ববহ হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৮০১ ঘ.