লন্ডন, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্সেস ডায়ানার মৃত্যুর আগের সর্বশেষ ভিডিও দেখেছেন জুরি বোর্ড। এতে দেখা যায় ডায়ানা তার প্রেমিক দোদি আল ফায়েদের সঙ্গে গাড়িতে উঠছেন। ডায়ানা হত্যা মামলা তদন্তে গঠিত সরকারি জুরিরাই প্রথম এই ভিডিওটি দেখলেন।
দোদির বাবা মোহম্মদ আল ফায়েদের বিলাসবহুল 'হোটেল রিজ' এর ৩৭টি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা এই ভিডিও দৃশ্যে দেখা যায়, ডায়ানা ও দোদি একে অপরের হাত ধরে ও হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন। এ সময় তাদের বেশ শান্ত ও সুখি দেখাচ্ছিল।
এতে দেখা যায় হোটেলের সামনে পাপারাজ্জিরা জড়ো হয়েছেন ও তাদের গাড়িচালক পল হেনরি তাদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে হেনরিকে দুবার হোটেল বারেও যেতে দেখা যায়।
১৯৯৭ সালে ৩১ আগস্ট হোটেল রিজ থেকে বেরিয়ে প্যারিসের একটি টানেলে দুর্ঘটনায় ডায়ানা তার প্রেমিক দোদি ও তাদের গাড়িচালক হেনরি নিহত হন। প্যারিস ও লন্ডনের তদন্তকারীরা সিদ্ধান্ত জানিয়েছিল পাপারাজ্জিদের ধাওয়া খেয়ে দ্রুত গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
যদিও দোদির বাবা মুহম্মদ আল ফাদেদ অভিযোগ করেছেন, ডায়ানা অন্তঃসত্ত্বা ছিলেন ও তার মুসলিম প্রেমিককে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, এ কারনে তাদের পরি কল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আদালতে তিনি বলেন, "ডায়ানার শশুর রানী এলিজাবেথের স্বামীই তাকে হত্যার নির্দেশ দেন।"
ডায়ানার মৃত্যুর এক দশক পর লন্ডন আদালত নতুন জুরি বোর্ড গঠন করে এই মামলার শুনানি শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৪ঙ.
bdnews24