২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্তসাপেক্ষে সু চির সঙ্গে আলোচনায় রাজি মিয়ানমার জান্তা

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান থান শ জাতিসংঘের বিশেষ দূতকে বলেছেন, শর্তসাপেক্ষে তিনি বিরোধীদলীয় নেত্রী সু চির সঙ্গে আলোচনায় রাজি। তিনি বলেন, সু চি যদি 'প্রতিবন্ধকতামূলক কর্মকাণ্ড' বাদ দেন ও বিদেশিদের আরোপ করা নিষেধাজ্ঞায় সমর্থন না জানান তাহলে তার সঙ্গে আলোচনা হতে পারে। মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বৃহস্পতিবার জানায়, জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সঙ্গে আলোচনায় এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক জান্তা প্রধান থান শ জাতিসংঘের বিশেষ দূতকে বলেছেন, শর্তসাপেক্ষে তিনি বিরোধীদলীয় নেত্রী সু চির সঙ্গে আলোচনায় রাজি। তিনি বলেন, সু চি যদি 'প্রতিবন্ধকতামূলক কর্মকাণ্ড' বাদ দেন ও বিদেশিদের আরোপ করা নিষেধাজ্ঞায় সমর্থন না জানান তাহলে তার সঙ্গে আলোচনা হতে পারে। মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বৃহস্পতিবার জানায়, জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সঙ্গে আলোচনায় এ কথা বলেছেন। মিয়ানমারে গত দুই দশকের মধ্যে সামরিক জান্তাবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনায় দমন-পীড়ন বন্ধে সরকারকে রাজি করাতে জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি গত সপ্তাহে মিয়ানমার সফর করেন। এ সময় তিনি নোবেল জয়ী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি ও জান্তা প্রধান থান শ'র সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সন্ধ্যার খবরে জানানো হয়, থান শ জাতিসংঘ দূত গাম্বারিকে বলেছেন, সু চি 'যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেন' ও 'অতিমাত্রায় ধ্বংসাত্মক'। যদিও এই অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি। থান শ গাম্বারিকে আরও বলেছেন, সু চি যদি এই সমস্ত কর্মকাণ্ড বাদ দেন তাহলে তিনি সরাসরি তার সঙ্গে কথা বলতে রাজি আছেন। সামরিক জান্তা শাসিত মিয়ানমারে বিরোধীদলীয় নেত্রী সু চি গত ১৮ বছরের মধ্যে ১২ বছর বন্দি জীবন কাটিয়েছেন। এখনও তিনি গৃহবন্দি আছেন। মিয়ানমারের বিরুদ্ধে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞাকে সু চি সমর্থন করে আসছেন। বিশেষজ্ঞরা বলেন, অনুন্নত এই দেশটিতে সেনাশাসন যতটা না ক্ষতি করছে, বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় তার থেকেও বেশি ক্ষতি হচ্ছে। টেলিভিশনের খবরে আরও জানানো হয়, গত সপ্তাহে বিক্ষোভ বন্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট দুহাজার ৯৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নির্দোষ প্রমাণিত হওয়ায় এদের মধ্যে ৬৯২জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/