কিনসাসা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর রাজধানী কিনসাসার এক জনবহুল এলাকায় বৃহস্পতিবার একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, নাদজিলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কঙ্গোলিজ এয়ারলাইন আফ্রিকা ১ বিমানটি কিনসাসার কিনগাসানি এলাকার কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ে। এরপরই বিকট শব্দে বিমানটিতে বিস্ফোরণ ঘটে। এতে রাশিয়ার তৈরি এন্টোনোভ-২৬ বিমানটির ১৭ ক্রু ও যাত্রীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বাবা তার শিশু ছেলে ও মেয়েকে ধ্বংসস্তুপের মধ্য থেকে টেনে বের করেছেন। তাদের মৃতদেহ দেয়ালের গায়ে সেটে হয়ে গিয়েছিল। এছাড়া বিমানটি ও বাড়িঘরের বিধ্বস্ত অংশ আশপাশের রাস্তা ও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে উপ-স্বাস্থ্যমন্ত্রী ফার্দিনান্দ এনতুয়া রয়টার্সকে বলেন, "বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। দুটো বাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে। মারা গেছে অনেক মানুষ। তবে সঠিক সংখ্যাটা আমরা এই মুহূর্তে বলতে পারছিনা।"
এয়ারলাইন কর্মকর্তারা জানান, বিমানটিতে ১৪ যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। যাত্রীরা সবাই কঙ্গোর নাগরিক ও ক্রুরা ইউক্রেনের।
এক উদ্ধারকর্মী রয়টার্সকে জানান, বিমানটির সকল যাত্রী ও ক্রু মারা গেছেন।
ঘটনাস্থলে উপস্থিত বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, দমকলকর্মীরা ভিড়ের মধ্যে উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন।
তিনি বলেন, "এখানে এখন কমপক্ষে চারটি বাড়ি জ্বলছে। বিমানটিও এখনও জ্বলছে। আগুন ও ধোয়া কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছে। এই আগুনের মধ্যে বাড়িগুলোতে কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই"
কঙ্গোতে বিমানভ্রমন মারাত্মক ঝুকিপূর্ণ। দেশটিতে এখনো সেই সাবেক আমলের বিমান ব্যবহার করা হয়। ১৯৯৬ সালে কানসাসার একটি জনবহুল বাজারে রাশিয়ার তৈরি এন্টোনোভ-৩২ বিমান বিধ্বস্ত হয়ে ৩৫০ জন মারা গিয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ঘ.
bdnews24