লন্ডন, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- পাকিস্তানের স্বেচ্ছা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ক্ষমতা ভাগাভাগি নিয়ে মুশাররফের সঙ্গে সংহতিমূলক সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন। মুশাররফের পুনর্র্নিবাচন প্রক্রিয়ার বিরোধিতায় পিপিপি এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার কথা বিবেচনা করার মাঝেই বেনজির বৃহস্পতিবার এই আশার কথা শোনালেন। (আরও তথ্যসহ-১)
লন্ডনে দলের নেতাদের সঙ্গে ২য় দিনের বৈঠকে বেনজির সাংবাদিকদের বলেন, "আমরা আজই একটি অধ্যাদেশ আশা করছি।
মুশাররফ শিবিরের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে বেনজির বলেন, " প্রচুর আলোচনা হয়েছে। পরে আমরা আলোচনার অগ্রগতি সম্পর্কে একটি ঘোষণা দেব।"
এর আগে বুধবার বেনজির বলেছিলেন, মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে। মুশাররফের পুর্র্নিবাচনের প্রতিবাদে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এমপিদেরও পদত্যাগের সম্ভাবনার কথা জানান তিনি।
কিন্তু এরই মধ্যে লন্ডনে আবারও বেনজির ও তার সমর্থকদের মধ্যে এবং পাকিস্তানে মুশাররফ ও তার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।
বেনজিরের মুখপাত্র ওয়াজিদ শামসুল হাসান সাংবাদিকদের বলেন, " আমি মনে করি জাতীয় সংহতি অধ্যাদেশ চূড়ান্ত হয়ে গেছে। তারা আজই তা আমাদের কাছে পাঠাবে।"
পাক সরকারের পরিভাষায় জাতীয় সংহতি অধ্যাদেশ হচ্ছে, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির মামলা খরিজ করার নির্দেশ। কিন্তু এই অধ্যাদেশ এখন খসড়া আকারে রয়েছে।
বেনজিরের দাবি, সমঝোতা চুক্তির আওতায় পাকিস্তানে সরকারি চাকরিজীবী এবং মামলার হুমকির মুখে থাকা রাজনীতিবিদদের ক্ষমা ঘোষণা করতে হবে। বেনজির নিজেও এখনও দুর্নীতি মামলার মুখে রয়েছেন।
হাসান জানান, "মামলা খারিজের খসড়া অধ্যাদেশটি বেনজির শিগগিরি ই-মেইলে পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। এরপর অনুষ্ঠিতব্য এক সংবাদ সম্মেলনে তিনি অধ্যাদেশটি হাতে পেতে পারেন।"
হাসান আরও জানান, "যে দাবিগুলো তোলা হয়েছে সেগুলো মানা হয়ে থাকলেই সমঝোতা হবে। আর নাহলে তা হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24